চার উইকেটে জিতল চিটাগং
ঢাকা: দুরন্ত রাজশাহীর বিপক্ষে জিতে ফাইনালের আশা জিইয়ে রাখল চিটাগং কিংস। প্রথম সেমিফাইনালে ১০৮ রানের লক্ষ্যে নেমে ১৬ বল বাকি থাকতে চার উইকেটের জয় পেল তারা। এর আগে তাসকিন আহমেদ ও মাহমুদুল্লাহর দুর্দান্ত বোলিংয়ে ভেঙে পড়ে রাজশাহীর ব্যাটিং। শেষ পর্যন্ত শন আরভিনের অপরাজিত ইনিংসের সুবাদে সাত উইকেটে তারা ১০৭ রান করে। ফাইনালের লড়াইয়ে রোববার চিটাগং মুখোমুখি হবে সিলেট রয়্যালসের।
দুরন্ত রাজশাহী: ১০৭/৭ (২০ ওভার)
চিটাগং কিংস: ১০৮/৬ (১৭.২ ওভার)
ফল: চিটাগং কিংস ৪ উইকেটে জয়ী।
ওপেনিংয়ে নেমে নুরুল হাসানকে নিয়ে ৪৩ রানের জুটি গড়ে শুরুটা দারুণ করেন জেসন রয়। তবে নাঈম ইসলাম জুনিয়র দুই ওভারে এ দুই ওপেনারকেই সাজঘরে পাঠিয়েছেন। ২৪ বলে তিন বাউন্ডারি ও দুই ছক্কায় জেসন করেন ৩০ রান। নুরুলের ব্যাট থেকে এসেছে ১৪ রান। ক্রিজে বেশিক্ষণ থাকতে পারেননি রায়ান টেন ডেসকাট। এক রান করে ইশুরু উদানার শিকার হন ডাচ তারকা। জয়ের জন্য লড়ছেন রবি বোপারা ও মাহমুদুল্লাহ।
এরপর আরিফুল হক ও কেভন কুপার সাজঘরে ফিরলেও রবি বোপারার অপরাজিত ৩৪ রানের সর্বোচ্চ ইনিংসে সহজ জয় পায় চিটাগং।
এর আগে টস জিতে ব্যাট করতে নামে রাজশাহী। টানা দুই ওভারে তাসকিনের শিকার হন চার্লস কভেন্ট্রি (১৫), সিমন ক্যাটিচ ও জহুরুল ইসলাম। ২৩ রানে তিন উইকেট হারানো রাজশাহী আর দাঁড়াতে পারেনি।
বরং মাহমুদুল্লাহর প্রথম ও দলীয় ১২তম ওভারে ফরহাদ হোসেন (৫) ও জিয়াউর রহমান জেসন রয়ের তালুবন্দি হন।
শন আরভিন এরপর ইনিংসের সর্বোচ্চ ৪৩ রানের জুটি গড়েন মুক্তার আলীকে নিয়ে। শেষদিকে তাসকিন আরো একটি উইকেট পান, ১৭ রানে মুক্তারকে টেন ডেসকাটের তালুবন্দি করেন তিনি। ৪৮ বলে চারটি চার ও এক ছয়ে ৪৭ রানের সর্বোচ্চ ব্যক্তিগত রানে অপরাজিত ছিলেন আরভিন।
তাসকিন তিন ওভারে ৩১ রান দিয়ে সর্বোচ্চ চার উইকেট নেন। মাহমুদুল্লাহ নিয়েছেন দুটি।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ১৬ ফেব্রুয়ারি ২০১৩
এফএইচএম