বিসিসিআই প্রধানের প্রস্তাব নাকোচ করেছিলেন প্রণব!
নয়া দিল্লি: ১৯৮০‘র দশকে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান হওয়ার প্রস্তাব পেয়েছিলেন বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখার্জী। কিন্তু ‘কখনো ব্যাট হাতে নেননি’ বলে তা একবাক্যেই নাকোচ করে দিয়ে বন্ধু এনকেপি সালভের নাম প্রস্তাব করেছিলেন। শনিবার এ খবর প্রকাশ করলেন স্বয়ং রাষ্ট্রপতি নিজেই।
এনকেপি সালভ স্মরণে এক বক্তৃতায় রাষ্ট্রপতি ভবনে প্রণব মুখার্জী ২১ বছর আগের এ ঘটনা প্রকাশ করেন।
কেন এ প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন জানতে চাইলে ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি বলেন,‘ক্রিকেট নিয়ে কিছুটা লেখালেখি পড়তাম, খেলাও দেখতাম। কিন্তু কখনো ক্রিকেট ব্যাট হাতে ধরে দেখিনি।’
তবে প্রণব বোর্ড প্রেসিডেন্ট পদে বন্ধু ও তৎকালীন কংগ্রেস নেতা সালভের নাম প্রস্তাব করলে তা গ্রহণ করা হয়। ১৯৮২ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত বিসিসিআই প্রেসিডেন্ট ছিলেন সালভ। তার মেয়াদেই ১৯৮৩ সালে প্রথম ক্রিকেট বিশ্বকাপ জিতে ভারত। দেশের মাটিতে বিশ্বকাপ আয়োজনেও অগ্রগণ্য ভূমিকা রেখেছিলেন সালভ। তার অবদানে পাকিস্তান ও ভারত যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করে ১৯৮৭ তে।
সূত্র: এনডিটিভি।
বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, ১৬ ফেব্রুয়ারি ২০১৩
এফএইচএম