দ্বিতীয় সেমিফাইনালে সিলেটের প্রতিপক্ষ চিটাগং কিংস

ঢাকা: সেই দিনের কথা নিশ্চয়ই মাথায় ছিল চিটাগং কিংসের, দুরন্ত রাজশাহীকে ৯৯ রানে বেঁধে ফেলেও ম্যাচটা হেরেছিল তারা। সেই মাঠে এলিমিনেটর ম্যাচেও কিংসের প্রতিপক্ষ হয়ে এসেছিল রাজশাহী। এবারও লো স্কোরিং ম্যাচ, ১০৭ রানের বেশি করতে দেয়নি রাজশাহীকে। ১০৮ রানের লক্ষ্যে খেলতে নেমেও প্রতিদ্বন্দ্বীতার মুখে পড়তে হয় কিংসকে। কিন্তু ফল এবার উল্টে গেছে। কিংস চার উইকেটে জিতে রেস-টু-ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে। রোববার মিরপুরের এই মাঠে সিলেট রয়্যালসের বিপক্ষে খেলবে তারা। রেস-টু-ফাইনালের বিজয়ী দল ১৯ ফেব্রুয়ারি ঢাকা গ্ল্যাডিয়েটরসের বিপক্ষে খেলবে ফাইনালে। কিংস রেসে থাকলেও বিপিএল শেষ রাজশাহীর।  

দুরন্ত রাজশাহী: ১০৭/৭ (২০ ওভার)
চিটাগং কিংস: ১০৮/৬ (১৭.২ ওভার)
ফল: চিটাগং কিংস চার উইকেটে জয়ী

বিপিএলের যে সূচি দিয়েছে বিসিবি সেখানে চিটাগং কিংস এবং দুরন্ত রাজশাহীর ম্যাচটাকে লেখা হয়েছে প্রথম সেমিফাইনাল। এমন এক সেমিফাইনালে আগে ব্যাট করে রাজশাহী ২০ ওভারে সাত উইকেট হারিয়ে করে ১০৭ রান। ইনিংসটা আরও বড় হতে পারতো। কিন্তু কিংসের হয়ে এবার প্রথম খেলতে নামা তরুণ পেসার তাসকিন আহমেদ তা হতে দেননি।   

প্রথম দুই বলে চার, তৃতীয় বলে ছয় রান দিলেও পরের বলেই উইকেট নিয়ে দ্রুত ফিরে আসেন তাসকিন। শুধুই কী ফিরলেন? নিজের প্রথম ওভারের শেষ বলে পেলেন দ্বিতীয় উইকেট। নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলে পেলেন আরও একটি উইকেট। সাত বলে তিন উইকেট নিয়ে দুরন্ত রাজশাহীর কোমড়টাই ভেঙ্গে দেন ১৮ বছরের এই তরুণ পেসার। তিন ওভারে ৩১ রানে পেলেন চার উইকেট। এক কথায় দারুণ বোলিং পারফরমেন্স।

২০১২ সালে অস্ট্রেলিয়াতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা এই উদীয়মান পেসার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজের প্রাথমিক স্কোয়াডেও ছিলেন। নির্বাচকরা শ্রীলঙ্কা সফরের প্রাথমিক দলেও রাখতে পারেন তাকে। সে যাইহোক রাজশাহীকে ১০৭ রানে বেঁধে রাখতে কার্যকর বোলিং ছিল মাহমুদউল্লাহরও। তিনি দুই ওভারে ছয় রান দিয়ে ফিরিয়েছেন দুই ব্যাটসম্যানকে। পেসার রুবেল হোসেন উইকেট না পেলেও খুব মিতব্যয়ী ছিলেন রান দেওয়ার ক্ষেত্রে। তাঁর তিন ওভার থেকে ১২ রান নিতে পেরেছে রাজশাহী।

দ্রুত উইকেট হারিয়ে কচ্ছপ গতিতে এগিয়েছে রাজশাহী। শেন আরভিনের ৪৮ এবং মুক্তার আলির ১৮ রানই ইনিংসই রাজশাহীর ব্যক্তিগত সেরা।

লক্ষ্য ছোট হলেও মোকাবেলা করা চ্যালেঞ্জিং ছিল কিংসের জন্য। নিয়ন্ত্রিত বোলিং এবং ফিল্ডিং দিয়ে লড়াই জমিয়ে দেয় রাজশাহী। জ্যাসন রয় ৩০ রানে আউট হলেও রবি বোপারা ম্যাচ শেষ করে এসেছেন। তাঁর ব্যাট থেকে এসেছে ২৩ রান। এছাড়া নুরুল হাসান ১৪ এবং জ্যাকব ওরাম ১০ রান করেন।

ম্যাচ সেরার পুরস্কার উঠেছে তাসকিন আহমেদের হাতে।

রোববার সন্ধ্যা ৬টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেই হবে দ্বিতীয় সেমিফাইনাল।

বাংলাদেশ সময়: ২২১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৩
এসএ