ফেনী: ফেনীর সোনাগাজী উপজেলায় শনিবার সকাল ৯টার দিকে বিদ্যালয়ে যাওয়ার পথে এক ছাত্রীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।
উপজেলার সুজাতপুর এলাকা থেকে দুর্বৃত্তরা ওই ছাত্রীকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায় বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।
অপহৃত ছাত্রী স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী।
সোনাগাজী সদর ইউনিয়ন চেয়ারম্যান সামছুল আরেফিন ঘটনার সত্যতা স্বীকার করে বাংলানিউজকে জানান, ছাত্রীটি আগ থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তদের কবলে পড়েছে।
সোনাগাজী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাস চন্দ্র পাল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অপহৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়েছে। ছাত্রীটিকে উদ্ধারের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, মে ২৫, ২০১৩
সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর