 |
আগরতলা (ত্রিপুরা): ভোটের আগে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার।
বামফ্রন্টের আমলেই ব্যবসায়ীরা শান্তিতে ব্যবসা করেছেন বলে এসময় মন্তব্য করেন তিনি।
মহারাজগঞ্জ বাজারের বাণিজ্য ভবনে আগরতলা শহরের ব্যবসায়ী আয়োজিত এক মতবিনিময় সভায় মুখ্যমন্ত্রী মানিক সরকার এ মন্তব্য করেন।
মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন, “রাজ্যের উন্নয়ণ বাধাপ্রাপ্ত হচ্ছে। আগরতলা শহরসহ রাজ্যের সর্বত্র চলছে চক্রান্ত ও ষড়যন্ত্র। সন্ত্রাসবাদীদের হাতে অর্থ ও অস্ত্র তুলে দিয়ে বিরোধী দলগুলো শান্তি ও সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছে।
মুখ্যমন্ত্রী বলেন, “শান্তি মানেই বামফ্রন্ট। রাজ্যের মানুষের পাশে দাঁড়িয়ে এই দল সার্বিক উন্নয়ন ও অগ্রগতিকে অন্যতম লক্ষ্য বানিয়েছে। কিন্তু এই রাজ্যের বিরোধী দলগুলো শান্তি ও উন্নয়ন পছন্দ করেন না। সন্ত্রাসবাদীদের দোসর বানিয়ে তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চক্রান্ত করছেন।”
এছাড়া আই এন পি টি দল প্রত্যক্ষভাবে সন্ত্রাসবাদীদের সঙ্গে আঁতাত করছে এবং এ দলের সঙ্গে আবার কংগ্রেস নির্বাচনী আঁতাত করছে বলেও মত প্রকাশ করেন তিনি।
তিনি মনে করেন, যদি সন্ত্রাসবাদীদের দোসর এ দু’টি দল ক্ষমতায় আসে তাহলে রাজ্যের ক্ষতি হবে। ব্যবসায়ীরা সবদিক দিয়ে ক্ষতিগ্রস্ত হবে। তারা শান্তিপূর্ণভাবে ব্যবসা করতে পারবেন না। আর তাই ২০১৩’র বিধানসভা নির্বাচনে চোখ কান খোলা রাখতে শহরের ব্যবসায়ীদের কাছেও আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় ত্রিপুরা গ্রোসারি মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি সুরেশ চন্দ্র দেবনাথসহ ব্যবসায়ীদের মধ্যে চানমোহন সাহা, অজয় বণিক, রাজীব সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৩
সম্পাদনা: মীর সানজিদা আলম, নিউজরুম এডিটর