ময়মনসিংহ: ময়মনসিংহ-ঢাকা রেলপথে ট্রেন চলাচল শুরু হয়েছে। রেললাইন মেরামত সম্পন্ন হওয়ায় বুধবার রাত ১২টা থেকে ট্রেন চলাচল শুরু হয়।
এর আগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ছাত্রলীগের নেতৃত্বে শিক্ষার্থীরা জব্বার মোড় এলাকায় রেললাইন উপড়ে ফেলায় ময়মনসিংহ-ঢাকা রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
এতে ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনে আটকা পড়ে তিনটি ট্রেন। ট্রেনগুলো হলো- ঢাকাগামী যমুনা, ব্রহ্মপুত্র ও কমিউটার ট্রেন-১।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় স্থানীয় লোকজন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একটি বাস (ময়মনসিংহ-স-১১-০০২৯) আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ ঘটনার প্রতিবাদে ছাত্রলীগের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জব্বারের মোড় এলাকায় রেললাইন উপড়ে ফেলে। তারা রেললাইনের কাঠে আগুন ধরিয়ে দেয়।
এ সময় জামালপুরগামী কমিউটার ট্রেন-২ সেখানে আটকা পড়ে। পরে ওই ট্রেনটি সুতিয়াখালী রেলওয়ে স্টেশনে পিছিয়ে নেওয়া হয়।
পরে রাত ৯টার দিকে ময়মনসিংহের জেলা প্রশাসক মো. লোকমান হোসেন মিয়া ও জেলা পুলিশ সুপার গোলাম কিবরিয়া ঘটনাস্থলে গিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আলাপ করে তাদের শান্ত করেন। পরে শিক্ষার্থীরা ট্রেন অবরোধ থেকে সরে যায়।
ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনের সুপারিনটেনডেন্ট (তত্ত্বাবধায়ক) আলী আহাম্মদ জানান, রাত ১০টা থেকে রেলওয়ে প্রকৌশল বিভাগের লোকজন রেললাইন মেরামতের কাজ শুরু করে পৌনে ১২টার দিকে সম্পন্ন করে। পরে রাত ১২টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বাংলাদেশ সময়: ০১১১ ঘণ্টা, জুন ১২, ২০১২
সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর