 |
ঢাকা: গণশুনানি হলেও সহসাই বাড়ছে না বিদ্যুতের দাম। প্রধানমন্ত্রীর অনাগ্রহের কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
কমিশন সূত্র জানায়, বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণা দেওয়ার জন্য সবকিছু চুড়ান্ত করে বিইআরসি। শেষ মুহূর্তে বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন কমিশনের চেয়ারম্যান ও অপর দুই সদস্য।
কমিশন সূত্র জানায়, বৈঠকে প্রধানমন্ত্রীকে বিদ্যুতের দাম বৃদ্ধির বিষয়ে প্রস্তুতির কথা জানানো হয়। এ সময় প্রধানমন্ত্রী তাদের বলেন, “বিদ্যুতের দাম বাড়লে জনগণের ভোগান্তি বাড়বে। সরকার চায় না বিদ্যুতের দাম বাড়ানো হোক। প্রয়োজন হলে সরকার আরও ভর্তুকি দিতে রাজি আছে।”
প্রধানমন্ত্রী বিদ্যুতের দাম না বাড়িয়ে বিকল্প ভাবার আহ্বান জানান। আর সবকিছু চুড়ান্ত করা হলেও প্রধানমন্ত্রীর মতামতের পর সব পাল্টে যায়। সহসাই আর বিদ্যুতের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিইআরসি।
উল্লেখ্য, গত ১৫ অক্টোবর বিরতণ কোম্পানিগুলো খুচরা দাম বৃদ্ধির আবেদন জমা দেয় বিইআরসিতে। সে মোতাবেক ২৭ ডিসেম্বর আরইবি, ৩০ ডিসেম্বর পিডিবি ও ওজোপাডিকো আর ৩১ ডিসেম্বর ডিপিডিসি ও ডেসকোর প্রস্তাবের উপর গণশুনানি গ্রহণ করে বিইআরসি।
শেষ চলতি মাসের প্রথম দিকে বিদ্যুতের দাম বৃদ্ধির বিষয়ে গণশুনানি গ্রহণ করে বাংলাদেশ বিইআরসি। কথা ছিল চলতি মাসেই সিদ্ধান্ত জানানোর।
প্রসঙ্গত, সর্বশেষ সেপ্টেম্বর মাসে খুচরা ১৫ শতাংশ ও পাইকারি ১৭ শতাংশ দাম বাড়ায় বিইআরসি।
বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৩
ইএস/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর