আগরতলা (ত্রিপুরা): সপ্তম বারের মতো ত্রিপুরায় সরকার গড়তে চলেছে বামফ্রন্ট। দুপুর দেড়টা পর্যন্ত ঘোষিত ফলাফলের মধ্যে ৩৭টি আসন জিতে নিয়েছে বামফ্রন্ট। কংগ্রেস পেয়েছে ৫টি আসন।
এখন পর্যন্ত ৪২টি আসনের ফলাফল ঘোষিত হয়েছে। বাকি ১৮ টি আসনের মধ্যে ১৩ টিতে এগিয়ে আছে বামফ্রন্ট। বাকি ৫ টিতে এগিয়ে কংগ্রেস।
মুখ্যমন্ত্রী মানিক সরকার তার ধনপুর কেন্দ্র থেকে ৬ হাজারের বেশি ভোটে বিজয়ী হয়েছেন। তবে এবার তিনি ভোটের ব্যবধান গতবারের চেয়ে প্রায় দ্বিগুণ করেছেন। বামফ্রন্টের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ভোটে জয়ী হয়েছেন পূর্তমন্ত্রী বাদল চৌধুরী। তিনি জয়ী হয়েছেন প্রায় ১৩ হাজার ভোটে। কংগ্রেসের জোট শরিক আইএনপিটির সভাপতি বিজয় রাঙ্খল তার আমবাসা কেন্দ্র থেকে পরাজিত হয়েছেন। বামফ্রন্টের ১২ জন মন্ত্রীর সবাই এখন পর্যন্ত জয়ী হয়েছেন।
বামফ্রন্টের আহ্বায়ক খগেন দাস তার প্রতিক্রিয়ায় বলেছেন, “মানুষ শান্তি এবং উন্নয়নের পক্ষে তার রায় জানিয়েছেন।”
অন্যদিকে কংগ্রেসের মুখপাত্র অশোক সিনহা বলেছেন, “এই ফল অপ্রত্যাশিত।”
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাজ্যের ১৭টি জায়গায় ৬০টি গণনা কেন্দ্রে ভোট গণনা শুরু হয়েছিল। ভোট নেওয়া হয় ১৪ ফেব্রুয়ারি। প্রায় ৯৩ শতাংশ ভোট পড়েছিল ত্রিপুরার একাদশ বিধাসভা নির্বাচনে।
বিভিন্ন জনমত সমীক্ষায় বলা হয়েছিল বামফ্রন্ট জয়ী হবে এবারের নির্বাচনে, তাই হলো। ভারতের বুকে শেষ বাম দুর্গ রইল অক্ষত।
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৩
তন্ময়/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর/আরআই