সাভার (ঢাকা): আশুলিয়ায় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে আশুলিয়ার নরসিংহপুর এলাকার আসম চন্দ্র নাগের ভাড়াটে বাড়ির একটি রুম থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে আশুলিযা থানা পুলিশ।
নিহতের নাম রাসেল (৩২)। সে রাজশাহী মেট্রোপলিটন এলাকাধীন মতিহার থানার জাহাজঘাট গ্রামের খলিলুর রহমানের ছেলে।
রাসেল ওই এলাকায় আসম চন্দ্র নাগের বাড়িতে ব্যাচেলর হিসেবে ভাড়া থেকে আশুলিয়ার একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতো বলে জানা গেছে।
থানা পুলিশ সুত্রে জানা যায়, সোমবার বিকেলে নরসিংহপুর এলাকার আসম চন্দ্র নাগের ভাড়াটে বাড়ির নিজ কক্ষের মধ্যে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে প্রতিবেশীরা বিষয়টি থানায় ফোন করে জানায়।পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এব্যাপারে আশুলিয়ার থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল ইসলাম বাংলানিউজকে জানান, এলাকাবাসীর মারফত ঝুলন্ত লাশের খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। পারিবারিক কলহের জের ধরেই রাসেলের আত্বহত্যার বিষয়টি নিশ্চিত হওয়ায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় বাড়ি মালিক আসম চন্দ্র নাগ বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা (নংÑ১৪) মামলা দায়ের করেছেন।
বাংলাদেশ সময়: ০৭১০ ঘন্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৩
মোঃ ওমর ফারুক/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর