 |
রাজশাহী: ইন্টার্ন শেষ হয়েছে এমন ইন্টার্নদের হোস্টেল ছাড়ার নোটিশ দিয়েছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল কর্তৃপক্ষ।
শনিবার দেওয়া এক নোটিশে ইন্টার্ন শেষ হয়ে যাওয়া ছাত্রীদের আগামীকাল রোববার দুপুর ১২টার মধ্যে হোস্টেল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। যদি কেউ তা না করে, তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে রামেক হাসপাতাল কর্তৃপক্ষ।
শনিবার রামেক হাসপাতাল পরিচালকের পক্ষে সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মনসুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রীদের মধ্যে যাদের ইন্টার্ন ২০১২ সালের ২৯ ডিসেম্বর শেষ হয়েছে, তাদের ৩১ ডিসেম্বরের মধ্যে হোস্টেল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু এ আদেশ অমান্য করে অনেকে ইন্টার্নি হোস্টেলে অবস্থান করছেন।
তাই, ইন্টার্নি শেষ হয়ে যাওয়ার পরেও যারা এখনও হোস্টেলে অবস্থান করেছেন তাদের আগামীকাল রোববার দুপুর ১২টার মধ্যে হোস্টেল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। যদি কোনো ছাত্রী এর পরেও হোস্টেলে অবস্থান করে, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে রামেক হাসপাতালের পরিচালক কর্নেল সাইদুর রহমান বাংলানিউজকে জানান, নতুন যেসব ছাত্রী ইন্টার্নিতে প্রবেশ করেছেন, তারা হোস্টেলে উঠতে পারছেন না। এতে নতুন ইন্টার্নি চিকিৎসকরা আবাসন সংকটে পড়েছেন। এ কারণে এ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ২২২৭ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১২
সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর