৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৪:৪৪ পিএম BDST banglanew24
17 Feb 2013   06:50:56 PM   Sunday BdST
E-mail this

দশ ট্রাক অস্ত্র মামলা: সাক্ষ্য দিলেন আরও তিনজন


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
দশ ট্রাক অস্ত্র মামলা: সাক্ষ্য দিলেন আরও তিনজন

চট্টগ্রাম: চাঞ্চল্যকর দশ ট্রাক অস্ত্র মামলায় রোববার চট্টগ্রাম মহানগর আদালতের সাবেক হাকিম কিরণ চন্দ্র রায়সহ তিনজন সাক্ষ্য দিয়েছেন। বাকি দু`জন হলেন, চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) নিরাপত্তা কর্মকর্তা মো.গোলাম মোস্তফা এবং বন্দর ফাঁড়ির তৎকালীন কনস্টেবল কে এম মহিউদ্দিন।  

চট্টগ্রামের স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম মজিবুর রহমানের আদালতে তিনজনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়।

সাক্ষ্যগ্রহণের পর কিরণ চন্দ্র রায় ও গোলাম মোস্তফাকে আসামীপক্ষের আইনজীবীদের জেরা শেষ হয়েছে। কনস্টেবল মহিউদ্দিনের জেরা অসমাপ্ত অবস্থায় সোমবার পর্যন্ত মামলার কার্যক্রম মূলতবি করেছেন বিচারক।

কিরণ চন্দ্র রায় তার সাক্ষ্যে আদালতকে জানান, ২০০৯ সালের ১২ এপ্রিল চতুর্থ মহানগর হাকিম হিসেবে কর্মরত থাকাকালে তিনি সাক্ষী মো. হাবিবুর রহমান ও তসলিম মল্লিকের ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ করেন।

উল্লেখ্য হাবিবুর রহমান ট্রাক ভাড়াদানকারী প্রতিষ্ঠান গ্রীণ ওয়েজ ট্রান্সপোর্টের মালিক এবং তসলিম মল্লিক ওই প্রতিষ্ঠানের কর্মচারী। সাক্ষ্যগ্রহণ শেষে কিরণ চন্দ্র রায়কে জেরা করেন আসামি আকবর হোসেন খানের আইনজীবী মো.শাহাবুদ্দিন।

কিরণ চন্দ্র রায় বর্তমানে পাকশীতে বাংলাদেশ ব্যাংকের বিভাগীয় ভূ-সম্পদ কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।

এরপর আদালতে দেয়া সাক্ষ্যে সিইউএফএলের উপ-ব্যবস্থাপক (নিরাপত্তা) মো. গোলাম মোস্তফা বলেন, ‘২০০৪ সালের ৩ এপ্রিল দশ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় তৈরি করা একটি পরিস্থিতি প্রতিবেদন ২০১১ সালের ১৭ ফেব্রুয়ারি তদন্তকারী কর্মকর্তা আমার উপস্থিতিতে সিইউএফএল এ আমার অফিস কক্ষ থেকে জব্দ করেন।’

এরপর সাক্ষী গোলাম মোস্তফাকে জেরা করেন আসামি এনামুল হকের আইনজীবী মাহমুদুর রহমান।

বিকেলে আদালতে দেওয়া সাক্ষ্যে কনস্টেবল কে এম মহিউদ্দিন বলেন, ‘ঘটনার রাতে বন্দর ফাঁড়িতে একটি টেলিফোনে জেটিঘাটে অবৈধ মালামাল নামার বিষয়টি জানতে পারি। হাবিলদার গোলাম রসুলকে নিয়ে ঘটনাস্থলে যাই। সেখানে সার্জেন্ট আলাউদ্দিনকে দেখতে পাই। ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়। পরে অফিস সময় শেষ হয়ে যাওয়ায় আমি রাত একটার দিকে জেটিঘাট থেকে ফিরে আসি। পরদিন সকালে ফাঁড়িতে গিয়ে জানতে পারি জেটিঘাট থেকে ১০ ট্রাক অস্ত্র আটক হয়েছে এবং এ ঘটনায় দুটি মামলাও হয়েছে।’

সাক্ষ্যগ্রহণ শেষে মহিউদ্দিনকে জেরা করেন আসামি মেজর লিয়াকতের আইনজীবী কামরুল ইসলাম।

এর আগে দুপুরে মামলার আসামি সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১১ আসামিকে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়।

উল্লেখ্য ২০০৪ সালের ১ এপ্রিল রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) জেটিঘাটে দশ ট্রাক অস্ত্রের চালানটি ধরা পড়ে।

বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমল থেকে প্রায় সাড়ে তিন বছর অধিকতর তদন্তের পর ২০১১ সালের ২৬ জুন সিআইডি আদালতে দশ ট্রাক অস্ত্র মামলার সম্পূরক চার্জশিট দাখিল করেন।

এরপর ওই বছরের ১৫ নভেম্বর আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগ (চার্জ) গঠন করা হয়। ২০১১ সালের ২৯ নভেম্বর থেকে স্যাগ্রহণের মধ্য দিয়ে শুরু হয়েছে বিচার।

সম্পূরক অভিযোগপত্র দাখিলের পর থেকে এ মামলায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক শিল্পসচিব ড. শোয়েব আহমেদ, সাবেক স্বরাষ্ট্র সচিব ওমর ফারুক, গোয়েন্দা সংস্থা ডিজিএইফআই’র সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সাদিক হাসান রুমি, বিসিআইসি’র সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইমামুজ্জামান বীরবিক্রম, এনএসআই’র সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এনামুর রহমান চৌধুরী, ডিজিএফআই’র সাবেক ডিটাচমেন্ট কমান্ডার কর্নেল (অব) একেএম রেজাউর রহমান, এনএসআই’র সাবেক সহকারী পরিচালক মোহাম্মদ আলী এবং সাবেক সিএমপি কমিশনার এস এম সাব্বির আলী, সিএমপি’র বন্দর জোনের তৎকালীন উপ-পুলিশ কমিশনার আবদুল্লাহ হেল বাকী, সাবেক ডিআইজি (এসবি) শামসুল ইসলাম, সাবেক ডিআইজি (সিআইডি) ফররুখ আহমেদ, সহকারী পুলিশ কমিশনার মাহমুদুর রহমান, সার্জেন্ট হেলাল উদ্দিন, সার্জেন্ট আলাউদ্দিন, গ্রীণওয়েজ ট্রান্সপোর্টের মালিক হাবিবুর রহমান, ম্যানেজার তসলিম মল্লিক, ট্রাক ভাড়া করার মধ্যস্থতাকারী শেখ আহমদ, হাবিলদার গোলাম রসুল, কর্ণফুলী থানার সাবেক ওসি আহাদুর রহমান এবং সিইউএফএলদর সাবেক প্রধান নিরাপত্তা কর্মকর্তা মবিন হোসেন খান, বিচারক ওসমান গণি, মো.মাহাবুবুর রহমান, আবু হান্নান ও মুনতাসির আহমেদ, সাবেক মহানগর হাকিম কিরণ চন্দ্র রায়, সিইউএফএল`র উপ ব্যবস্থাপক (নিরাপত্তা) গোলাম মোস্তফা, বন্দর ফাঁড়ির সাবেক কনস্টেবল কে এম মহিউদ্দিনসহ ২৭ জন ইতোমধ্যে সাক্ষ্য দিয়েছেন।

বাংলাদেশ সময়:১৮০০ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭,২০১৩
আরডিজি/টিসি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান