৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৩:৫৮ এএম BDST banglanew24
04 Mar 2013   08:59:40 PM   Monday BdST
E-mail this

খালেদা জিয়াকে তুলোধুনো আনন্দ বাজার পত্রিকার


নিউজ ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
খালেদা জিয়াকে তুলোধুনো আনন্দ বাজার পত্রিকার

ঢাকা: সফররত ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে পূর্বনির্ধারিত সাক্ষাতের কর্মসূচি বাতিল করায় বিরোধী দলীয় নেতা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কড়া সমালোচনা করেছে পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজার পত্রিকা। জামায়াতের ডাকা হরতালে নিরাপত্তার অভাবের কারণ দেখিয়ে খালেদা শেষ মুহূর্তে এ সাক্ষাত কর্মসূচি বাতিল করেন।

পত্রিকাটির সোমবারের সংখ্যায় প্রকাশিত ‘যুক্তি হরতাল, প্রণবের সঙ্গে কথায় না খালেদার’ শীর্ষক সংবাদ প্রতিবেদনে খালেদার এ সিদ্ধান্তের কড়া সমালোচনা করে বলা হয়েছে, ‘ভারতীয় হাইকমিশনে দু’লাইনের মেল পাঠিয়ে প্রণববাবুর সেই সফরই বয়কট করেছেন খালেদা জিয়া। সেই খালেদা, যিনি এক রকম ঝুলোঝুলি করেই গত নভেম্বরে দিল্লি সফরের আমন্ত্রণ আদায় করেছিলেন। দিল্লি গিয়ে প্রণববাবুর সঙ্গে দেখা করে অনেক প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন। তার পরে ১৭ ফেব্রুয়ারি ঢাকায় সলমন খুরশিদের সঙ্গে বৈঠকে জানিয়েছিলেন, প্রণববাবুর সঙ্গে তাঁর অনেক কথা রয়েছে। কিন্তু আজ প্রণববাবুর সঙ্গে বৈঠক বাতিল করে খালেদা বুঝিয়ে দিলেন, সামনের ভোটে ভারত-বিরোধিতার সুর চড়ানোই হবে তাঁর রণকৌশল।’

ঢাকা থেকে পাঠানো অনমিত্র চট্টোপাধ্যায়ের সংবাদে বলা হয়, ‘জামাতের হরতালকেই ঢাল করে প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করে দিলেন বাংলাদেশের বিরোধী নেত্রী খালেদা জিয়া। তাঁর এই পদক্ষেপ ভারত-বাংলাদেশ সম্পর্ক তো বটেই, অভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রেও দূরপ্রসারী বার্তা দিল বলে মনে করছেন কূটনীতিকরা।’

জামায়াতের ডাকা হরতাল চলাকালে ঢাকার চিত্র সম্পর্কে আনন্দবাজার পত্রিকা লিখেছে, ‘রাস্তায় গাড়ির স্রোত। দোকানপাট খোলা। শেয়ারবাজার আর ব্যাঙ্কে লেনদেন চলছে আর পাঁচটা দিনের মতোই।’

ভারতের বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জির তিনদিনের এ সফর সম্পর্কে পশ্চিমবঙ্গের প্রভাবশালী পত্রিকাটি বলেছে, ‘১৯৭৪-এ ভি ভি গিরির পরে দ্বিতীয় ভারতীয় রাষ্ট্রপতি হিসেবে আজ ঢাকায় এসেছেন প্রণববাবু। কোন ঢাকা? যে ঢাকায় শাহবাগের আন্দোলন তুঙ্গে। জামাতের চোরাগোপ্তা হানায় আজও নানা জায়গায় ২২ জন প্রাণ হারিয়েছেন। তবু তারই মধ্যে শহরের মোড়ে মোড়ে দু’দেশের পতাকা। ভারতের রাষ্ট্রপতির হাসিমুখের ছবি, নীচে লেখা, ‘স্বাগত’। মানুষ ভিড় করেছেন প্রণববাবুকে দেখার জন্য।’

আনন্দবাজার আরো বলেছে, রাষ্ট্রপতি হওয়ার পরে প্রথম বিদেশ সফরের গন্তব্য হিসেবে প্রণববাবু নিজেই বেছে নিয়েছেন, বাংলাদেশ। বর্ষীয়ান রাষ্ট্রপতি হেসে বলেছেন, “এ দেশকে তো আমার বিদেশ বলেই মনে হয় না। নিজের ভাষায় কথা বলি, ভীষণ চেনা মুখগুলো।”

ভারত কী চোখে দেখছে খালেদার এই পদক্ষেপকে? এ প্রশ্ন করে আনন্দবাজার নিজেই এর উত্তর দিয়েছে এভাবে- ‘বিদেশসচিব রঞ্জন মাথাই বললেন, “খালেদা জিয়া রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসবেন না বলে জানিয়েছেন। ব্যাস, এর বেশি কিছু বলা আমাদের শোভা পায় না।” আর প্রণববাবুর প্রতিক্রিয়া? রাষ্ট্রপতি ভবনের এক অফিসারজানান, সকালে রওনা হওয়ার আগেই তিনি খবরটা পান। প্রণববাবুর মুখের হাসি কিছুক্ষণের জন্য উধাও হয়ে যায়। তবে কোনও মন্তব্য করেননি।’

‘যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে ২৮ দিন ধরে চলমান শাহবাগের গণজাগরণ চত্বরের গণআন্দোলন প্রসঙ্গ সংবাদটিতে এসেছে বার বার। এর সঙ্গে প্রণবের এ সফরের সম্পর্ক তুলে ধরে সংবাদটিতে বলা হয়েছে, আন্দোলনের শাহবাগ কিন্তু প্রণববাবুর সফর নিয়ে রীতিমতো উত্তেজিত। রাস্তার একটা অংশ চকের ঘর টেনে দখল নিয়েছেন বিন্তি। বাবা মুক্তিযোদ্ধা ছিলেন। নিজে কোনও দিন রাজনীতি করেননি বছর কুড়ির এই ছাত্রী। নতুন যুদ্ধে তাঁর দখলে নেওয়া রাস্তাটুকুর নাম ‘সেক্টর ১৩’। বিক্ষোভকারী থেকে শাহবাগ থানার ওসি, বিন্তিকে সকলেই সেক্টর ১৩-র কমান্ডার বলে ডাকেন। আবেগে দীপ্ত মেয়েটির কথায়, “আমাদের সৌভাগ্য যে প্রণববাবু ঢাকায় এসেছেন। শুনেছি, মুক্তিযুদ্ধের সময়ে অনেক সাহায্য করেছেন তিনি। এ-ও তো আর এক স্বাধীনতার যুদ্ধ। তাঁর সফরে নিজেদের উজ্জীবিত লাগছে।”

‘কোথায় হরতাল? একুশের শহিদ মিনারের সামনে টুপি উড়িয়ে উল্লাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের নয়া স্নাতকদের। রবিবার। —নিজস্ব চিত্র কুড়ি দিন রাস্তা কামড়ে পড়ে রয়েছেন বিন্তি আর তাঁর দলবল। এঁরা কারা? মিষ্টি হেসে তাঁর উত্তর, “কেউ ব্লগার তো কেউ আর্টিস্ট। জনা চল্লিশ। জানেন, পথের কাগজকুড়ুনি ছেলেরাও রয়েছে আমার দলে। নিজেদের উপার্জন থেকে তারা টিফিন কিনে আমাদের সকলকে খাওয়ায়! অথচ দলের কাউকে আমি আগে চিনতাম না।”

‘বিক্ষোভকারীরা আজ (রোববার) গিয়েছিলেন পুরনো ঢাকায় বাহাদুর শাহ পার্কে। সেখানে হাজারো মানুষ এ দিনও তাদের কথা শুনেছেন। জাতীয় পতাকায় মুড়ে দিয়েছেন চারপাশ। রাজাকারদের ফাঁসির দাবি জানিয়েছেন। জামাতকে নিষিদ্ধ করার ধ্বনি তুলেছেন। ভরা বিকেলে শুনশান শাহবাগের মোড়ে রাতের পরে রাত জেগে ক্লান্ত কিছু তরুণ জিরিয়ে নিচ্ছিলেন। কাঁটাতারের ব্যারিকেডের আড়ালে গিটারের তারে আঙুল পড়ছিল টুংটাং। এমন সময়ে লাউড স্পিকারে বেজে উঠল গান, ‘জান কবুল, আর মান কবুল। আর দেবো না ধান...।’ মুহূর্তে আবার চাঙ্গা শাহবাগ।’

প্রণবের সফর বাংলাদেশের জন্য কল্যাণকর হবে, এ জন্যেই সংবাদটিতে বলা হচ্ছে, ‘এই আবহেই আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছেন প্রণববাবু। নতুন কোনও কথা বলতে তো তিনি আসেননি, বলার কথাও নয়। তবু তাঁর এই পাশে থাকাটাই হাসিনাকে বল-ভরসা দেবে। মৌলবাদকে ঠেকানোর লড়াইয়ে এটাই তো চাইছে শাহবাগ!’

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৩
সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান