জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও অন্যান্য কর্মকাণ্ডের খবর প্রচারের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কমিউনিটি রেডিও চালু করার উদ্যোগ নেবে বলে জানিয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এই কথা বলেন।
উপাচার্য বলেন, “বাংলাদেশের অপার সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে বাস্তবে পরিণত করতে নতুন প্রজন্মের সাংবাদিকদের নেতৃত্ব দিতে হবে।”
উপাচার্য ক্যাম্পাস সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি অনুসন্ধানী সাংবাদিকতার ওপর মনোনিবেশ করার আহ্বান জানান।
উপাচার্য বলেন, “সাংবাদিকদের জন্য অবাধ তথ্য প্রবাহের পরিবেশ নিশ্চিত করতে হবে। যে সমাজ ব্যবস্থায় তথ্য প্রবাহ যতো স্বাধীন হবে, সে সমাজে দারিদ্র ততো কমে যাবে, দুর্নীতি রোধ সম্ভব হবে।”
সভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক আমির হোসেন, ছাত্র কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক একেএম শাহনাওয়াজ, ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক আহমেদ রেজা, জনসংযোগ অফিসের পরিচালক মীর আবুল কাশেম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার, সম্পাদক অধ্যাপক ড. শরিফ উদ্দিন, সাংবাদিক সমিতির উপদেষ্টা অধ্যাপক এটিএম আতিকুর রহমান, প্রাক্তন উপদেষ্টা অধ্যাপক আফসার আহমদ প্রমুখ।
সভা পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক ইমদাদ হক। আরও বক্তব্য রাখেন সমিতির বিদায়ী সভাপতি হারুন-অর-রশীদ এবং নব-নির্বাচিত সভাপতি কামরান সিদ্দিকী।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৩
ওয়ালিউল্লাহ/সম্পাদনা: মীর সানজিদা আলম, নিউজরুম এডিটর