সংসদ ভবন থেকে: চলতি অর্থ বছরের শেষ নাগাদ আরো ৮শ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে যুক্ত হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। একই সঙ্গে ২০১৩ সালের মধ্যে ১ হাজার ২৮৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রীডে সংযোজন হবে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার জাতীয় সংসদে ‘২০১২-১৩ অর্থ বছরের দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর) পর্যন্ত বাজেট বাস্তবায়ন অগ্রগতি ও আয়-ব্যয়ের গতিধারা এবং সামষ্টিক অর্থনৈতিক বিশ্লেষণ সংক্রান্ত ত্রৈমাসিক প্রতিবেদন উপস্থাপনকালে তিনি এ তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, আমাদের পরিকল্পনায় কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন, নবায়ণযোগ্য জ্বালানি হতে বিদ্যুৎ উৎপাদন এবং সঞ্চালন লাইন সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি জানান, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর ৮৯৭ সার্কিট কিলোমিটার সঞ্চালন লাইন নির্মাণ করা হয়েছে। আওয়ামী লীগ যখন ক্ষমতা গ্রহণ করে তখন লাইনের পরিমাণ ছিল ২ লাখ ৫৬ হাজার কিলোমিটার। বর্তমানে তা ২ লাখ ৮১ হাজার কিলোমিটার।
অর্থমন্ত্রী বলেন, “অর্থ বছরের শেষ সময়ে আরো ৮১৩ মেগাওয়াট বিদ্যুৎ বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।”
এর ফলে বিদ্যুতের উৎপাদন ৭ হাজার মেগাওয়াট ছাড়িয়ে যাবে।
অন্যদিকে ২০১৩ সালের মধ্যে ১ হাজার ২৮৫ মিলিয়ন ঘন ফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে জানান তিনি।
তিনি বলেন, “দক্ষিণাঞ্চলে গ্যাস সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে ৩৫৬ কিলোমিটার পাইপ লাইন নির্মাণের জন্য এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং সরকারের তহবিলে পাঁচটি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।”
চলতি অর্থ বছরে খাদ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা ২৮ দশমিক ৫ লক্ষ মেট্রিক টন আর বিতরণের লক্ষ্যমাত্রা ২৭ দশমিক ৭ মেট্রিক টন বলে জানিয়েছেন তিনি।
তিনি জানান, ৬ মাসে খাদ্য সংগৃহীত হয়েছে ৯ লাখ ৬৮ হাজার মেট্রিক টন। আর বিতরণ করেছে ৮ লাখ ৩২ হাজার টন। তবে আপদকালীন খাদ্যশস্য মজুদের ন্যূনতম সীমা ১০ লাখ মেট্রিক টন হলেও তা বর্তমানে ১৩ লাখ ৫ হাজার মেট্রিক টনে দাড়িয়েছে।
বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, ৫ মার্চ, ২০১৩।
এসএআর/এএইচ/সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com