ঢাকা: যুক্তরাষ্ট্রে প্রস্তাবিত পেশাদার টি-টোয়েন্টি ক্রিকেট লিগ এক বছরের জন্য স্থগিত হয়ে গেছে। আগামী জুন- জুলাইয়ে প্রতিযোগিতাটি মাঠে গড়ানোর কথা থাকলেও টুর্নামেন্ট পরিচালনা সংক্রান্ত ঝামেলার কারণে সেটা পিছিয়ে দেওয়া হয়।
টুর্নামেন্টটি এবারের মতো স্থগিত করা হলেও এটির উদ্যোক্তারা আসন্ন মৌসুমেই যুক্তরাষ্ট্রে বড় ধরনের ক্রিকেট ইভেন্ট আয়োজনের ব্যাপারে আশাবাদী। টুর্নামেন্ট পিছিয়ে যাওয়ার বিষয়ে টি-টোয়েন্টি ক্রিকেট লিগ আয়োজনের অন্যতম উদ্যোক্তা ক্রিকেট হোল্ডিং আমেরিকা এএলসি (সিএইচএ)’র পরিচালক নেইল ম্যাক্সওয়েল বলেন,‘২০১৪ সালের আগে টুর্নামেন্টটি আয়োজন করা যাচ্ছে না। অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো সমাধান করতে আমাদের ধারণার চেয়ে বেশি সময় লাগছে।’
এ বিষয়ে যুক্তরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি গ্ল্যাডস্টোন ডেইনটি বলেন,‘এটাই সত্য যে ২০১৪ সালের আগে টি- টোয়েন্টি লিগ শুরু করতে পারছি না। তবে এ বছরের শেষদিকে আন্তর্জাতিক দলগুলোকে নিয়ে আমরা কয়েকটি টি-টোয়েন্টি ম্যাচের আয়োজন করবো, যাতে করে আমরা লিগে মানসম্পন্ন টি-টোয়েন্টি উপহার দিতে পারি।’
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ২৫ জানুয়ারি, ২০১৩
এএইচবি/এসএ