 |
ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড এয়ার কোম্পানির পরিচালনা পর্ষদ কোম্পানির অর্ধবার্ষিকী অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছেন। প্রতিবেদন অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় কোম্পানির মুনাফা প্রায় ৩ গুণ বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ইউনাইটেড এয়ার কোম্পানির ২০১২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী অর্ধবার্ষিকীতে (জুলাই থেকে ডিসেম্বর-২০১২) কর পরবর্তী মুনাফা হয়েছে ৭০ কোটি ৫ লাখ ৮০ হাজার টাকা ও শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ দশমিক ৩৮ টাকা।
গত বছরের একই সময়ে কোম্পানির কর পরবর্তী নিট মুনাফা হয়েছিল ১৮ কোটি ৫৭ লাখ ৯০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) ০ দশমিক ৫৯ টাকা।
সুতরাং, অর্ধবার্ষিকীতে কোম্পানির মুনাফা বেড়েছে ৫১ কোটি ৪৭ হাজার ৯০ হাজার টাকা।
অন্যদিকে গত ৩ মাসে (অক্টোবর থেকে ডিসেম্বর-২০১২) কোম্পানির কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩৪ কোটি ৩৩ লাখ ৪০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) ০ দশমিক ৬৮ টাকা।
গত বছরের একই সময়ে কোম্পানির কর পরবর্তী নিট মুনাফা হয়েছিল ১০ কোটি ৩ লাখ ২০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ০ দশমিক ৩২ টাকা।
বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৩
এসএনএইচ/ সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর