ঢাকা: ঢাকা আইনজীবী সমিতির ২০১৩-১৪ সালের নির্বাচনে ২৫টি পদের মধ্যে সাধারণ সম্পাদক, সহসভাপতিসহ ১৩টি পদে জয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম (নীল প্যানেল)।
অপরদিকে আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাদা প্যানেল সভাপতি, ট্রেজারারসহ ১২টি পদ পেয়েছে।
সাদা প্যানেলের ব্যানারে বাসেত মজুমদারের গ্রুপ প্রতিদ্বন্দ্বিতা করলেও তারা কোন পদে জয়ী হতে পারেননি।
উল্লেখ্য, গত বছর ওই নির্বাচনে বিএনপি সমর্থিত নীল প্যানেল সভাপতিসহ ২৫টি পদের মধ্যে ১৫টিই দখল করে। অন্যদিকে আওয়ামীলীগ সমর্থিত সাদা প্যানেল সাধারণ সম্পাদকসহ ১০টি পদে জয়ী হয়।
এবার সম্পাদকীয় ১০টি পদের মধ্যে সাদা প্যানেল সভাপতিসহ ৬টি পদে জয়ী হয়েছে। সাধারণ সম্পাদকসহ সম্পাদকীয় পদের অপর ৪টি পেয়েছে নীল প্যানেল।
সম্পাদকীয় পদের মধ্যে সাদা প্যানেলে সভাপতি পদে অ্যাডভোকেট কাজী মো. নজিবউল্যাহ হিরু, ট্রেজারার পদে মোহাম্মদ নজরুল ইসলাম শামীম, সহ-সাধারন সম্পাদক পদে মো. হাফিজুর রহমান তোতা ও মো. গোলাম ছারোয়ার খান জাকির, লাইব্রেরী সম্পাদক পদে মোহাম্মদ মাকসুদ ও সাংস্কৃতিক সম্পাদক পদে তাহমিনা তাহেরীন মুমু বিজয়ী হয়েছেন।
সম্পাদকীয় পদের মধ্যে নীল প্যানেলে সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. খোরশেদ মিয়া আলম, সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট আব্দুল খালেক, সহ-সভাপতি মো. এখলাসুর রহমান, ও দপ্তর সম্পাদক পদে মো. খায়রুল আহসান মিন্টু বিজয়ী হয়েছেন।
সভাপতি পদে কাজী মো. নজিবউল্যাহ হিরু ৪ হাজার ১৫৪ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নীল প্যানেলের অ্যাডভোকেট মো. মহসীন মিয়াকে ১ হাজার ২৮৬ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।
অন্যদিকে সাধারন সম্পাদক পদে নীল প্যানেলের মো. খোরশেদ মিয়া আলম ৩ হাজার ৪৭৮ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা প্যানেলের অ্যাডভোকেট মো. মোশাররফ হোসেনকে ৯৮৮ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। অপর প্রার্থী সাদা প্যানেলের (বাসেত মজুমদারের গ্রুপ) মো. আয়ুবুর রহমান পেয়েছেন ৮১৬ ভোট।
এছাড়া সদস্য ১৫টি পদের মধ্যে ৯টি পদে নীল প্যানেল এবং ৬টি পদে সাদা প্যানেল জয়ী হয়েছে।
সদস্য পদে নীল প্যানেলের জয়ীরা হলেন, অ্যাডভোকেট নূরজাহান বেগম বিউটি, মো. জহিরুল হাসান মুকুল, এএফএম মনিরুজ্জামান, শিল্পী ইয়াসমিন, মো. আবুল কালাম আজাদ, মোসা. নার্গিস পারভীন মুক্তি, মো. মোশারফ, মো. কাওছার ও মোহাম্মাদ মশিউর রহমান টিটু।
সদস্য পদে সাদা প্যানেলের জয়ীরা হলেন, অ্যাডভোকেট জেসমিন আক্তার, মো. সাফায়েত হোসেন সজিব, রোকেয়া আক্তার রুকু, শায়লা পারভীন পিয়া, কামাল উদ্দিন আহমেদ ও শাহনাজ পারভীন সাইন।
ঢাকা আইনজীবী সমিতির সংবিধান অনুযায়ী প্রতি বছরের ফেব্রুয়ারি মাসের শেষ বুধ ও বৃহস্পতিবার ভোট গ্রহণ করা হয়।
এবারের নির্বাচনে ১৩ হাজার ২৪৪ জন ভোটারের মধ্যে ৭ হাজার ১শ ৩৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
১ মার্চ বিকাল ৫ টায় নির্বাচনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. শাহ আলম খান ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে বরাবরের মতো দায়িত্ব পালন করেছেন প্রবীণ আইনজীবী ও ঢাকা বারের সাবেক সভাপতি এনায়েত হোসেন খান।
বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, মার্চ ০১, ২০১৩
এমআই/সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর