শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে প্রজন্ম চত্ত্বরের গণজোয়ারে সংহতি প্রকাশের জন্য ১৬ ফেব্রুয়ারি রাত ৮ টায় ‘ঠ্যারো’ নামের একটি পথ নাটক প্রদর্শিত হবে। মনপুরাখ্যাত পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের লেখা নাটকটি নির্দেশনা দিয়েছেন তোফাজ্জল লিটন । বিশ্ববিদ্যালয় থিয়েটার রাজশাহীর যে কর্মীরা রাজধানীতে আছেন তারাই নাটকে অভিনয় করেছেন।
গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘মুক্তিযদ্ধের এই নাটকটি আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৯০ সালের দিকে করতাম। গণজোয়ারের সঙ্গে আমরা সংহতি প্রকাশ করছি এই নাটকের মাধ্যমে। নাটকে আমাদের প্রতিবাদের ভাষা।’
নাটকটির সংগঠক সালেহীন রাজিব বলেন, `খুব কম দিনের আয়োজনে নাটকটি মঞ্চস্থ করছি আমরা। যুদ্ধাপরাধীর ফাঁসি চাওয়াটাই আমাদের নাটক মঞ্চায়নের প্রধান উদ্দেশ্য। আমিসহ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন, তোফাজ্জল লিটন, হাসান শানু , বিথী সরকার পলি, রফিক মুয়াজ্জিন, রাসেল পারভেজ, মিলন, সনি, রাশেদ এবং রুপা।
বাংলাদেশ সময় : ১৬০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৩
জিআর