 |
ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কর্মমুখর দিন কাটাবেন। এদিন তিনি একগুচ্ছ কমর্সূচিতে যোগ দেবেন।
বুধবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় যোগ দেওয়ার মধ্য দিয়ে তার ব্যস্ততা শুরু হবে।
এরপর দুপুর একটায় হরতালের সময় আহত রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি কর্মীদের দেখতে যাবেন। আহতদের মধ্যে ঠাকুরগাঁও মহিলা দলের এক নেত্রী রয়েছেন।
দুপুর চারটায় রাজধানীর মওলানা ভাসানী মিলনায়তনে বিএনপির এক যৌথসভায় থাকবেন।
বিকেল পাঁচটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মে দিবসে উপলক্ষে শ্রমিকদের সঙ্গে বৈঠক করবেন মির্জা ফখরুল।
সন্ধ্যা ছয়টায় সারা দেশে হরতালে আহত ও নিহত নেতাকর্মীদের জন্য দোয়া বা মিলাদ মাহফিলে যোগ দেবেন। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এর আয়োজন করেছে ওলামা দল।
বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর তার সন্ধান দাবিতে ২২ এপ্রিল থেকে ২৪ এপ্রিল টানা তিনদিন সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছে বিরোধী দল। আর এই তিনদিন পুরো সময় জুড়েই মাঠে ছিলেন মির্জা ফখরুল।
বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১২
এমএম
সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর