রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে ১৪ ঘণ্টা ধরে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
সোমবার রাত ১১টার দিকে ফেরির ইঞ্জিন বিকল হওয়ায় ফেরি চলাচল বন্ধ রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।
ফেরির ইজারাদর প্রতিষ্ঠান সালমান এন্টার প্রাইজের কর্মকর্তা মোহাম্মদ শহিদুল্লাহ বাংলানিউজকে জানান, শীতলক্ষ্যা নদীতে যানবাহন পারাপারের জন্য দুটি ফেরি রয়েছে। হঠাৎ করে ফেরি দুটির ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় খিলক্ষেত-ভুলতা সড়কে চলাচলকারী কয়েকশ’ যানবাহন আটকা পড়েছে।
এদিকে, ফেরি বিকল হওয়ার পর সড়ক ও জনপদ (সওজ) বিভাগকে জানানোর হলে কর্তৃপক্ষ মেরামতকারীদের পাঠায়। কিন্তু মঙ্গলবার দুপুর ১টায়ও বিকল হওয়া ইঞ্জিন ঠিক হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অন্যদিকে, ফেরি বিকল হওয়ায় বিভিন্ন যানবাহনের যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন ।
প্রাইভেটকার চালক আমির হোসেন বাংলানিউজকে জানান, ফেরিতে নদী পার হতে মাত্র ১৫ থেকে ২০ মিনিট লাগে। অথচ তিনি ৮ ঘণ্টা ধরে অপেক্ষা করছেন। ভ্যান চালক খায়রুল কবির জানান, মালামাল নিয়ে তিনি ৬ ঘন্টা ধরে অপেক্ষা করছেন।
তবে, কিছু যানবাহন বিকল্প পথ হিসেবে ডেমড়া-কালীগঞ্জ সড়ক ব্যবহার করে যাতায়াত করছে বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯,২০১৩
সম্পাদনা: কামরুননাহার, নিউজরুম এডিটর
মতামত জানাতে ই-মেইল করুন: eic@banglanews24.com