 |
সংসদ ভবন থেকে: সংসদের চলতি অধিবেশনে আলোচনার জন্য জমা দেওয়া ৩৬টি মূলতবি প্রস্তাব নাকচ করে দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী।
নোটিশদাতারা সংসদে উপস্থিত না থাকায় মঙ্গলবার ১৬তম অধিবেশনে সভাপতিত্বকারী ডেপুটি স্পিকার সেগুলো নাকচ করে দেন।
মূলতবি প্রস্তাবগুলোর মধ্যে ৩৫টি ছিলো প্রধান বিরোধী দল বিএনপির সংসদ সদস্যদের এবং একটি ছিলো স্বতন্ত্র সংসদ সদস্য ফজুলল আজিমের।
ডেপুটি স্পিকার জানান, বিএনপির এএম মাহাবুব উদ্দিন খোকনের ১১টি, শাম্মী আক্তারের ৪টি, নিলোফার চৌধুরী মনির ৭টি, রেহানা আক্তার রানুর ৪টি ও নাজিম উদ্দিন আহমেদের ৯টি এবং স্বতন্ত্র সদস্য ফজলুল আজিম ১টি নোটিশ দিয়েছেন।
নোটিশগুলোর বিষয়ে ডেপুটি স্পিকার তার সিদ্ধান্ত জানাতে গিয়ে বলেন, “৩৬টি নোটিশের মধ্যে ৩৫টিই দিয়েছেন প্রধান বিরোধী দলের সংসদ সদস্যরা, যারা সংসদ অধিবেশনে অনুপস্থিত রয়েছেন। তারা সংসদে উপস্থিত থাকলে কিংবা স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করলে আলোচনাপূর্বক অধিক গুরুত্বপূর্ণ নোটিশগুলো গ্রহণ করে আলোচনার সুযোগ ছিল। আর অবশিষ্ট একটি নোটিশ কার্যপ্রণালী বিধির অন্যান্য বিধিতে নিষ্পত্তিযোগ্য। কাজেই এ নোটিশগুলো মুলতবি প্রস্তাব আকারে আলোচনা সম্ভব হলো না বলে দুঃখিত।”
বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৩
এসএইচ ও এসএআর/ সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- eic@banglanews24.com