ঢাকা: আরও লাশ ফেলতেই খালেদা জিয়া হরতালের ডাক দিয়েছেন বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি বলেন, “ক্ষমতার পিপাসু খালেদা জিয়া আরও লাশ ফেলে দেশকে অস্থিতিশীল করে যুদ্ধাপরাধীদের বাঁচাতে মরিয়া হয়ে উঠেছেন।”
সোমবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৮ দলীয় জোটের হরতালের প্রতিবাদে হরতালবিরোধী মানববন্ধন ও মিছিলপূর্বক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মায়া বলেন, “মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জে খালেদা জিয়া বলেছেন তার আরো লাশ দরকার। এজন্য তিনি টানা ৪৮ ঘণ্টার হরতাল দিয়েছেন। উদ্দেশ্য দুর্নীতিবাজ দুই ছেলে ও স্বাধীনতাবিরোধী যুদ্ধাপরাধীদের রক্ষা করা।”
খালেদা জিয়ার এই বক্তব্যের পর থেকে যতো লাশ পড়বে, গাড়ি ভাঙচুর ও আগুন দেওয়া হবে তার প্রত্যেকটির জন্য তাকেই দায়িত্ব নিতে হবে বলে মন্তব্য করেন মায়া।
তিনি আরও বলেন, “জামায়াত-শিবিরের সব তাণ্ডবের দায়িত্বও আপনাকে নিতে হবে। এই তাণ্ডবের জন্য একদিন আপনারও বিচার করা হবে।”
আন্দোলনের ভয় আওয়ামী লীগকে দেখিয়ে লাভ নেই জানিয়ে তিনি বলেন, “গাড়ি পুড়িয়ে আপনার স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না। বাসে আগুন দিয়ে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করা যাবে না।”
শাহবাগের নাম শুনলেই খালেদা জিয়া ভয় পান মন্তব্য করে আওয়ামী লীগের এই নেতা বলেন, “নতুন প্রজন্মের তরুণদের তিনি নষ্ট ও নাস্তিক বলছেন। সারাদেশ যখন যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গর্জে উঠলো তখন খালেদা জিয়ার এ ধরনের বক্তব্য দেশদ্রোহী।”
এ ধরনের বক্তব্য দিয়ে তরুণদের আন্দোলন থেকে সরাতে যাবে না বলে মন্তব্য করেন তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী সেলিম, সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুরাদসহ মহানগর নেতারা।
পরে হরতাল বিরোধী একটি মিছিল বের হয়ে পল্টন মোড় হয়ে আবারও বঙ্গবন্ধু এভিনিউয়ে এসে শেষ হয়।
বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৩
এনএম/ সম্পাদনা: হাসান শাহরিয়ার হৃদয়, নিউজরুম এডিটর/আরআই