বেনাপোল(যশোর): দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষষার পর বেনাপোল পৌরসভার বাজার জামে মসজিদ থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষে জামায়াত-শিবিরের কর্মীরা জঙ্গী মিছিল করেছে।
এ সময় তারা রাস্তায় সাটানো আওয়ামী লীগের প্রচার পোস্টার ছিড়ে ফেলে এবং ঈগল, হানিফ ও চাকলাদার পরিবহনে ভাঙচুর চালায়।
এদিকে, বেনাপোল পৌরসভার ভবারবেড় গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় চলছিল সংসদ সদস্য শেখ আফিল উদ্দীনের মতবিনিময় সভা। জামাত-শিবির কর্মীদের মিছিলের খবর পেয়ে ছ্ত্রালীগ, যুবলীগ কর্মীরা বাজারে এসে তাদের ধাওয়া করে।
পরে জামায়াত-শিবিরের আত্মরক্ষা করতে পালিয়ে যায়। তখন বিক্ষুদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা মসজিদের পাশে থাকা একটি মোটরসাইকেল সহ ৩ টি বাইসাইকেল জ্বালিয়ে দেয়।
এছাড়া এ সময় অনন্ত ১০টি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটে।
ঘটনার সময় বেনাপোল বাজারের লোকজন আতঙ্কিত হয়ে দোকানপাট, অফিস বন্ধ করে করতে থাকে। সকল প্রকারের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
এব্যাপারে বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল ইসলাম রাত ১০টায় বাংলানিউজকে জানান, বাজারে এখনো ভাঙচুর ও বোমাবাজি চলছে। ওখানে যাওয়া যাচ্ছে না।
কোনো পক্ষ আহত হয়েছে কিনা জানা যায়নি।
বাংলাদেশ সময়: ০৫৫৭ ঘণ্টা, মার্চ ০১, ২০১৩
সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর