ঢাকা: মঙ্গলবার বাস চাপায় নিহত সাংবাদিক দীনেশ দাসের প্রথম মৃত্যুবার্ষিকী। ২০১২ সালের এই দিনে নগরীর কাকারাইলে ৪৭ বছর বয়সী এই মেধাবী সাংবাদিক টিসিবির ভাড়া করা স্টাফ বাসের চাপায় ঘটনাস্থলেই নিহত হন।
দৈনিক আমাদের সময়ের সাবেক জ্যেষ্ঠ প্রতিবেদক দীনেশ মোটরসাইকেলে করে মেয়ে অথৈ দাসকে ভিকারুন নিসা স্কুলে পৌঁছে দিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে(ডিআরইউ)যাচ্ছিলেন। ঘাতক টিসিবির বাসটি স্টাফদের নিয়ে কারওয়ানবাজার যাচ্ছিল।
প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার রাতে ফোনালাপ হয় দীনেশ দাশের স্ত্রী পলি দাসের সঙ্গে। তিনি বাংলানিউজকে বলেন, রাতে ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু কিছুতেই ঘুম আসছে না।
তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার মেয়ে অথৈ সব সময় বলে বাবা মরে নাই, কিসের মৃত্যুবার্ষিকী।তুমি বাবার নামের আগে কখনও মৃত কথাটি লিখবানা।
পলি দাস আরও বলেন, আমরা আজকে সিদ্ধেশ্বরী মন্দিরে যাবো।ভগবানের কাছে নিতীশের জন্য প্রার্থনা করবো।এছাড়া নিতীশের আত্মার শান্তির জন্য অসহায়কে নতুন জামা কাপড় দান করবো।
দীনেশের পরলোকগত আত্মার শান্তি কামনা করে প্রার্থনার জন্য সবার কাছে অনুরোধও জানিয়েছেন তিনি।
দীনেশের গ্রামের বাড়ি নওগাঁর রাণীনগর উপজেলার বানিয়াপাড়া। স্ত্রী-কন্যা নিয়ে পূর্ব রামপুরায় বাস করতেন তিনি।
বর্তমানে দীনেশ দাসের স্ত্রী পলি দাস বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এ কর্মরত আছেন। এছাড়া একমাত্র মেয়ে অথৈর দশম শ্রেণী পর্যন্ত বিনা বেতনে অধ্যয়নের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। অন্যদিকে, দীনেশ দাসের পরিবারকে ১০ লাখ টাকা অর্থ সহায়তা দেন বৃহৎ শিল্প প্রতিষ্ঠান গ্রুপ বসুন্ধরার চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।
বাংলাদেশ সময়: ০৫১৮ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৩
সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর