রাজশাহী: রাজশাহীর বাঘা উপজেলার হাবাসপুর চৌরাস্তা মোড়ে বেপরোয়া গতির ট্রাকচাপায় প্রফুল্ল সরকার (৪৯) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহত প্রফুল্ল উপজেলার আটঘরিয়া গ্রামের নিশি সরকারের ছেলে। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। অভিভাবকদের ইচ্ছায় নিহতের লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশমী বাংলানিউজকে জানান, প্রফুল্ল সরকার সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন।
উপজেলার হাবাসপুর চৌরাস্তার মোড় পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘাতক ট্রাক নিয়ে চালক পালিয়ে যায়। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, ২১ মে, ২০১২
শরীফ সুমন/ সম্পাদনা: নাজিম উদ দৌলা সাদি/সাইফুল ইসলাম, কান্ট্রি এডিটর