 |
ঢাকা: পুঁজিবাজার স্থিতিশীলতায় এবং সার্বক্ষণিক মনিটরিংয়ের জন্য গঠিত বিশেষ কমিটির প্রথম বৈঠক আগামী রোববার অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত মঙ্গলবার এফবিসিসিআই’র সভাপতি কাজী আকরাম উদ্দিনকে আহ্বায়ক করে এ কমিটির নাম ঘোষণা করেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি মো. রকিবুর রহমান।
ডিএসই’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার বেলা ১১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বোর্ডরুমে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
নয় সদস্যের এই কমিটির সমন্বয়ক এবং মুখপাত্র হিসাবে দায়িত্ব পালন করবেন ডিএসই’র প্রেসিডেন্ট রকিবুর রহমান।
এছাড়া কমিটিতে সদস্য হিসাবে রয়েছেন- অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) সভাপতি নুরুল আমীন, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি শেখ কবির হোসেন, বাংলাদেশ পাবলিকলি লিমিটেড কোম্পানিজের (বিপিএলসি) সভাপতি তপন চৌধুরী, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবি) সভাপতি মোহাম্মদ এ হাফিজ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্সের (বিএবি) সভাপতি নজরুল ইসলাম মজুমদার, ইনভেস্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সভাপতি ফায়েকুজ্জামান, ব্রিগেডিয়ার জেনারেল ওয়াকারুজ্জামান।
এই কমিটি পুঁজিবাজার সর্ম্পকিত বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা করবে। বিভিন্ন স্টেকহোল্ডাররা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন কিনা সে বিষয়েও তদারকি করবে।
এছাড়া কমিটির অন্যতম একটি কাজ হবে কোম্পানিগুলো যে প্রতিশ্রুতি দিয়ে বাজার থেকে টাকা তুলেছে তার সঠিকভাবে ব্যবহার করেছে কিনা তা খতিয়ে দেখা।
বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৩
এসএনএইচ/সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর, সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর