ঢাকা: রাজধানীর মিরপুর সেকশন-১ এ ককটেল বোমা বিস্ফোরণে নিহত বৃদ্ধের পরিচয় সনাক্ত করা গেছে।
নিহত বৃদ্ধের নাম মোসলেম উদ্দীন (৭০)। তার বাড়ি মানিকগঞ্জের হরিরামপুরে। তিনি হরিরামপুরের বেন্দু বিশ্বাসের ছেলে।
রাতে ঢাকা মেডিকেল কলেজে এসে লাশটি সনাক্ত করেন তার মেয়ে মোছা. কলি আক্তার। তার ঠিকানা ৩৩৫/২, আহমদনগর, পাইকপাড়া, মিরপুর-১।
কলি আক্তার বাংলানিউজকে বলেন, ‘‘গত সোমবার বাবা আমার সঙ্গে আমার মিরপুরের বাসায় বেড়াতে আসেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় সে চা খাওয়ার কথা বলে বাইরে যায়। রাত হয়ে গেলেও সে ফিরে না আসায় দীর্ঘ ক্ষণ বাবাকে খোঁজাখুজি করি। পরে শুনতে পারি ১ নং এ ব্যাপক গোলাগুলি হয়েছে। তখন স্থানীয় থানায় যাই। থানা থেকে আমাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। এখানে এসে বাবার লাশ সনাক্ত করি।’’
তারা দুইবোন ও এক ভাই বলে তিনি জানান। তার বাবা পেশায় ছিলেন একজন কৃষক।
উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিরপুর সেকশন-১-এ একটি চাইনিজ রেস্তোরাঁর সামনে হঠাৎ ১২-১৫টি বোমা বিস্ফোরিত হয়। এতে মোসলেম উদ্দীন মারাত্মক আহত হন।
প্রত্যক্ষদর্শী তুহিন মিয়া তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। রাত ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ২৩৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৩
এজেডএস/সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর