রিয়াদ: যুদ্ধাপরাধী হিসেবে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবি জানিয়েছে বঙ্গবন্ধু ফাউন্ডেশন সৌদি আরব শাখা।
শুক্রবার রিয়াদের একটি হোটেলে বঙ্গবন্ধু ফাউন্ডেশন সৌদি আরব শাখার উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সভায় বক্তারা এ দাবি জানান।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন সৌদি আরব শাখার সভাপতি ডাক্তার কেএম মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন সৌদি আরব শাখার প্রধান উপদেষ্টা ডাক্তার নিয়াজ মোহাম্মদ খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার বঙ্গবন্ধু পরিষদের সভাপতি একেএম শফিকুল কাদের, রিয়াদ আওয়ামী পরিষদের সহ-সভাপতি আবুল বাশার মৃধা, সাধারণ সম্পাদক এম আর মাহবুব, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম মুজিবুর রহমান।
সভাপতির বক্তৃতায় ডাক্তার কেএম মাসুদুর রহমান বলেন, “যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আজ তরুণ প্রজন্ম জেগে উঠেছে। শাহবাগ চত্বর প্রমাণ করে বাংলাদেশের মাটিতে যুদ্ধাপরাধীদের ঠাঁই হবে না।”
তিনি বলেন, “দূর প্রবাস থেকে আমরা শাহবাগ চত্বরের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করছি এবং তাদের যে কোনো ধরনের সহযোগিতা করতে সৌদি আরব বঙ্গবন্ধু পরিষদ প্রস্তুত আছে।”
শুধু কাদের মোল্লা নয়, সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিও জানান তিনি।
যুদ্ধাপরাধীদের অর্থনৈতিকভাবে প্রতিহত করার আহ্বান জানিয়ে ডাক্তার কেএম মাসুদুর রহমান বলেন, “যুদ্ধাপরাধীদের টাকায় পরিচালিত ইসলামী ব্যাংকসহ সব প্রতিষ্ঠান বয়কট করতে হবে।”
বঙ্গবন্ধু ফাউন্ডেশন সৌদি আরব শাখার সাধারণ সম্পাদক আব্দুস সালামের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রিয়াদ আওয়ামী পরিষদের সহসভাপতি বশিরুল আলম, রিয়াদ শাখা যুবলীগের সভাপতি এমএ জলিল, রিয়াদ যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মুন্না, আওয়ামী লীগ নেতা ডাক্তার শাহ আলম, বঙ্গবন্ধু পরিষদের সহসভাপতি মোহাম্মদ আলী নুর, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্মসাধারণ সম্পাদক শাহরিয়ার এন মাহবুব, স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি ইউসুফ পাটোয়ারী, বঙ্গবন্ধু পরিষদের সহসভাপতি শামীমা আবেদীন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৩
সম্পাদনা: মীর সানজিদা আলম, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর