ঢাকা: রেশম শিল্প সংশ্লিষ্ট তিনটি প্রতিষ্ঠানের ‘সমন্বয়হীনতা’ ও ‘অনভিপ্রেত প্রতিদ্বন্দ্বিতা’ বন্ধ করে এ শিল্পের নাজুক অবস্থা থেকে উত্তরণের জন্য রেশম উন্নয়ন বোর্ড বিল-২০১৩ সংসদে উত্থাপন করা হয়েছে।
বুধবার জাতীয় সংসদে বিলটি উত্থাপন করেন বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী।
পরে ১৫ দিনের মধ্যে বিলটি পরীক্ষা করে সংসদে রিপোর্ট দেওয়ার জন্য বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
প্রস্তাবিত আইনে বাংলাদেশ রেশম বোর্ড, বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ও বাংলাদেশ সিল্ক ফাউন্ডেশনকে একীভূত করে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠার বিধান রাখা হয়েছে।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বলা হয়েছে, বাংলাদেশ রেশম বোর্ড, বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ও বাংলাদেশ সিল্ক ফাউন্ডেশন প্রতিষ্ঠান তিনটির সমন্বয়হীনতা ও অনভিপ্রেত প্রতিদ্বন্দ্বিতাসহ বিভিন্ন কারণে এ শিল্পের আশানুরূপ উন্নতি হয়নি। এ শিল্পের বর্তমান অবস্থা অত্যন্ত নাজুক। এ নাজুক অবস্থা থেকে উত্তরণের জন্য পরিকল্পিত ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।
আরো বলা হয়েছে, বিলটি আইনে পরিণত হলে প্রতিষ্ঠান তিনটির বিদ্যমান অচলাবস্থা নিরসন হবে।
বাংলাদেশ সময়: ০২০৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৩
এসএইচ/ সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর