জুরিখ: জার্ড মুলারের রেকর্ড ভেঙে এক বর্ষপঞ্জিকায় সর্বোচ্চ ৯১ গোল করে ২০১২ সালকে বিদায় জানালেন লিওনেল মেসি। এবার মার্কো ফন বাস্তেন, জোহান ক্রুইফ ও মিশেল প্লাতিনির বর্ষসেরার রেকর্ড ভেঙে সোমবার জুরিখে টানা চতুর্থবারের মতো ব্যালন ডি’অর জিতলেন লিওনেল মেসি।
এর আগে পাঁচ বছরে তিনবার বর্ষসেরা হয়েছিলেন ফন বাস্তেন, চার বছরে তিনবার ক্রুইফ। ব্যালন ডি’অর ২০১১ জিতে টানা তিনবার বর্ষসেরার রেকর্ডে মিশেল প্লাতিনির সঙ্গে যৌথ আসনে ছিলেন মেসি। এবার ফরাসি লিজেন্ডকেও ছাড়িয়ে গেলেন আর্জেন্টাইন তারকা।
৪১.৬% ভোটে মেসি পেছনে ফেলেছেন দুই প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো (২৩.৭%) ও আন্দেস ইনিয়েস্তাকে (১০.৯%)।
জুরিখের আলো ঝলমলে রাতে পুরস্কার হাতে মেসির উচ্ছ্বাস ছিল বাঁধভাঙা,‘সত্যি কথা বলতে এটা আসলেই অবিশ্বাস্য। এভাবে চতুর্থ পুরস্কার পাওয়া এক কথায় সেরা।’
বার্সা ফরোযার্ড আরো বলেন,‘আমি আমার কিছু বার্সা সতীর্থদের কৃতিত্ব দিতে চাই। আান্দ্রেস, তোমার সঙ্গে অনুশীলন করা ও তোমার পাশে খেলা সত্যিই সেরা। আর্জেন্টিনা জাতীয় দলের বন্ধু, যারা আমার সঙ্গে কাজ করেছে সেইসব স্টাফ, কোচ, আমার পরিবার ও বন্ধু প্রত্যেককেই স্বীকৃতি দিতে চাই। আমার স্ত্রী ও সন্তানকেও, ধন্যবাদ।’
বর্ষসেরা নারী ফুটবলার হয়েছেন যুক্তরাষ্ট্রের অ্যাবি ওয়ামবাখ। এবারও হোসে মরিনহোকে পেছনে ফেলে সেরা কোচের স্বীকৃতি পেয়েছেন স্পেন কোচ ভিনসেন্তে দেল বস্ক।
সেরা গোলের জন্য পুস্কার অ্যাওয়ার্ড জিতেছেন ফেনেরাবাচের স্লোভাকিয়ান স্ট্রাইকার মিরোস্লাভ স্টোচ। মার্চে জেনক্লারবারলিজির বিপক্ষে দুর্দান্ত এক গোল করেন তিনি।
ফিফা প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড জিতেছেন ফ্র্যাঞ্জ বেকেনবাওয়ার, ফেয়ার প্লের পুরস্কার পেয়েছে উজবেকিস্তান। আক্রমণভাগের মেসি, রোনালদো ও ফ্যালকাওয়ের নেতৃত্বে বর্ষসেরা দলে রয়েছে বার্সেলোনার আধিপত্য।
বর্ষসেরা দল: ইকার ক্যাসিয়াস (রিয়াল মাদ্রিদ), দানি আলভেস (বার্সেলোনা), জেরার্ড পিক (বার্সেলোনা), সার্জিও রামোস (রিয়াল মাদ্রিদ), মার্সেলো (রিয়াল মাদ্রিদ), আন্দ্রেস ইনিয়েষÍা (বার্সেলোনা), জাভি অ্যালোনসো (রিয়াল মাদ্রিদ), জাভি (বার্সেলোনা), ক্রিশ্চিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ), রামাদেল ফ্যালকাও (অ্যাটলেটিকো মাদ্রিদ), লিওনেল মেসি (বার্সেলোনা)।
বাংলাদেশ সময়: ০৮২৫ ঘণ্টা, ৮ জানুয়ারি ২০১৩
এফএমএইচ/এসএ