 |
ঢাকা: ত্রিপুরার রাজ্যসভা নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ-ভারত সীমান্ত সাময়িকভাবে বন্ধ করে দেওয়ায় লোকসানের আশঙ্কা করছেন দু’দেশের ব্যবসায়ীরা।
স্থলবন্দর কর্মকর্তারা জানান, নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে জেলা প্রশাসনকে নির্দেশ দেন ত্রিপুরার নির্বাচন কমিশনার।
এ জন্য স্থানীয় প্রশাসন বৃহস্পতি ও শুক্রবার দু’দেশের মধ্যকার সীমান্ত ও স্থলবন্দর বন্ধ করে দেয়।
বন্দর কর্মকর্তারা আরও জানান, “অনেক ট্রাক আখাউড়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থলবন্দরে আটকা পড়ে আছে।”
আগরতলার আমদানি-রপ্তানিকারক সংগঠন এইআইএ’র সাধারণ সম্পাদক হাবুল বিশ্বাস সাংবাদিকদের বলেন, “দু’দিন বন্ধ থাকায় বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীরা মারাত্মক লোকসানে পড়বেন।”
তবে, সীমান্ত বন্ধের কারণে কয়েকশ’ ভারতীয় কর্মী বৃহস্পতিবার রাজ্যের নির্বাচনে ভোট দিতে পেরেছেন বলেও জানান হাবুল।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ ও যশোরের মধ্যকার ‘পেট্রাপোল-বেনাপোল’ স্থল বন্দরের পর উত্তর-পূর্ব ভারতের আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে আগরতলার কেন্দ্রবিন্দুতে অবস্থিত এই আখাউড়া স্থল বন্দর অনেক গুরুত্বপূর্ণ।
স্থলবন্দরের হিসেব মতে, প্রতিদিন গড়ে দু’শটি পণ্যবাহী ট্রাক বাংলাদেশ থেকে ত্রিপুরায় আসে। এ হিসেবে প্রতিদিন গড়ে শুধু আখাউড়া স্থলবন্দর দিয়েই এক কোটি ৫০ লাখ রুপির বেচাকেনা হয়।
আখাউড়া স্থল বন্দর ছাড়াও বাংলাদেশ-ত্রিপুরা সীমান্তের আটশ’ ৫৬ কিলোমিটার এলাকায় আরও পাঁচটি স্থলবন্দর রয়েছে।
অন্য দিকে, সংবাদ মাধ্যম জানিয়েছে বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রে সারিবদ্ধ হয়ে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করেছেন ভোটাররা।
বাংলাদেশ সময় : ২০৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৩
সম্পাদনা : হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com