 |
যে গল্প মায়াপুরী
আমি তার গুটিয়ে যাওয়া দেখি
আঁচলে ওড়ে ডাকাতিয়া
টিপের আলো আগুন-পিলার হয়ে
ঢুকে যাক জল বুকে
উড়বার আগে ডাহুক ডানা ঝাপটায়
শরাব নির্ঝর
কল্পলোকে— যে গল্প শুনে যুবক হই
ভাগ্যাহত রাজকুমার
বোরাকে যাবো পরবাসে
পড়ে থাকে নাঙ্গা স্মৃতি গাঙচিল
কোষা নাও কালো বৈঠা
উলঙ্গ নই বলে ডাকাতিয়া ভেজালো না আমায়
সাদারাত হেমন্তে
সাদা অন্ধকারে ঝলসানোরাত— পোড়া পাতা
ঝরা সূতায় ছড়িয়ে আছে— যে ঘাসে শুয়েছিলো
আকাশ উড়ছে তার রূপকথা দিন নিয়ে
বাসনাবন কেন হিম হয়ে আছো হেমন্তে
আগুন উৎপাদন করে সেলাইমেশিন এতো
কিছু কি সেলাই করেনি বসনে—
মৃতের চোখের ইশারায় প্রাণ বুনো মগ্ন আঙুল
কী যেন বলে সে— কুয়াশা সংগীতে
ঘুরে মেশিন
চাকা
লাটি...ই..ই...ম
সাদারাত
আকাশে ফোটে সাদা ভাত—
ঘুম
চুমুকে আকাঙ্ক্ষার শেষ জল গিলেছি সন্ধ্যায়
অপেক্ষায় থাকা ভোর দেখবো না
ঘুমিয়েছি শেষরাতে
প্রথম গাড়ির শীষে মাখানো রোদে রঙিন যে
পরিযায়ী হাতে হাত রেখে রাস্তা পার হবে
আলগোছে ভুলে যাবো চুলে বিলি কাটে যে হাত ঘুমে
স্বপ্ন বিভ্রম
শব কল্পনা
ঘুমাবো
জাগবো না—
শ্লোকদুপুর
চাকার ক্লান্তিতে ভেঙে যাওয়া ঘুম
নিয়েছে ডেকে রোদের ঝরা ছায়ায়
শ্লোকদুপুর
খড়িমাটির বাজনায় মুছে যাওয়া দৃশ্যেরা
আড়ালে ডেকে ওঠে ইষ্টিকুটুম
সহস্র সূর্য জড়ানো সুরে।
পিলসুজে পুড়ে যায় নাগরিক ঘ্রাণ
জোছনায় ভেসে গেছে যে পাখিদের ঘুম
ডানার বিষাদে বনভূমি জাগে কোথাও
এখানে প্রস্থানের দৃশ্য ঝুলে আছে ডালে
তলে ছড়ানো আধখাওয়া অন্ধকার।
ঈশ্বরের ঈর্ষা
বর্ণিল অন্ধকার প্রত্ননির্জনতা আছে— প্রতিধ্বনি মর্ম ছুঁয়ে
পূর্ব জননীর কুহুকীকথন পতঙ্গের ডাক হয়ে আসে
দলপিঁপড়ের শিকার সারি সারি শীৎকারে জন্মের নাচ
প্রাচীনতা গাইছে পাখি কণ্ঠে পিতার পেশির শব্দ
সূর্যোদয়ের উৎসব করে
উৎসবের বাজনায় ভিনগ্রহে ঈশ্বরের ঈর্ষা ভেঙে পড়ে।
বিপরীত ঘূর্ণন
কাটাজল ঝলকায় রোদে ফেনা হাসি রূপান্তরিত জলে
ধারালো সন্দেহ মাস্তুল— সময় আলো আঁধারের ঘূর্ণন
চূর্ণকাল ডানায় মেখে উড়েছি তো— পালকে জড়িয়ে আছি
কালে-কলে ঝরা—
যাপিত যৌথতায় বরফের উষ্ণতা ছিলো পাথুরে গৌরব—
পুরনো বর্তমান গুহাঘরে— ডানায় আলো গেঁথে দূরে যাবো
স্থির শূন্যে ছিটিয়ে থাকা আমাকেই কুড়িয়ে নেবো—
বিপরীত ঘূর্ণনে।
লাল রোদ
জলধি সাঁতার অঙ্গে রাখো
ঝিলজলে রাঙামাছপাখি ঝলমল পাখনার ঢেউয়ে
বায়ুগাঁথা সুঁই ওড়া জল ফোঁটা কতটা রোদ পেয়ে
পতনের লোভ সামলাও— ধোঁয়া ধূলি শূন্যে সাঁতরায়
ধূলিজল ডেকে নেয় তারে— তাদের প্রাচীন প্রেমে
পুড়বো শ্রাবণে— ভেজা— যার আঙুল কিবোর্ডে সাঁতরায়
ঢেউয়ে পাড় খসে অমায় যাতনা— ধুমতানা দেরেনা
চোখে তারা ফোটে—
লাল রোদ সূর্যের বাজনা...
বাংলাদেশ সময় : ১৫০০ ঘণ্টা, ২৩ জানুয়ারি ২০১৩