শুরু হচ্ছে ভারতীয় টিভি চ্যানেলের জনপ্রিয় রিয়্যালিটি শো ইন্ডিয়ান আইডল। এবার এ অনুষ্ঠানের ৬ষ্ঠ আসর বসছে। এর আগে ভারতীয় সঙ্গীতাঙ্গনের জনপ্রিয় শিল্পী ও সঙ্গীত পরিচালকদের মধ্যে অনু মালিক, সুনিধী চৌহান ও সেলিম মার্চেন্ট এ অনুষ্ঠানের বিচারকের আসনে বসেছেন। সেই তালিকায় এবার যোগ দিলেন বলিউড কিংবদন্তী গায়িকা আশা ভোঁসলে।
বিচারকের আসনে বসার বিষয়ে আশা ভোঁসলে সম্প্রতি এক সংবাদ সম্মেলন বলেন, গানের সঙ্গে জড়িত যে কোনো কিছুতে অংশ নিতে ভালো লাগে। প্রতিযোগিদের সুরের প্রতি প্রথম নজর থাকবে আমার। কেননা গানের অতি গুরুত্বপূর্ণ একটি অংশ সুর। গানের ক্ষেত্রে গায়ককে অবশ্যই যত্মশীল হতে হয়। যারা নিয়মিত গানের চর্চা করেন না তাদের আমার মোটেও পছন্দ নয়।
তিনি আরও বলেন, ক্ল্যাসিকাল ট্রেনিং শিল্পীকে সঠিক সুরে গান গাইতে সাহায্য করে। দালানের ভিত্তিটা ভালো হলে যেমন তা শক্তভাবে দাঁড়িয়ে থাকে, তেমনি ক্ল্যাসিকাল ট্রেনিং ভালো হলে ভালো গান গাওয়া সম্ভব।
‘এক পারদেশী’, ‘পিয়া তু আবতো আজা’ ও ‘ইয়ে মেরা দিল’ সহ আরও অনেক জনপ্রিয় গান গেয়েছেন ভারতের এ কিংবদন্তী গায়িকা। তবে ইন্ডিয়ান আইডলের মত একটি প্রতিভা অন্বেষণকারী অনুষ্ঠানের বিচারকের আসনে বসছেন এই প্রথমরার। শোনা যায়, আশা ভোঁসলের আগে এ অনুষ্ঠানের বিচারকের জন্যে অস্কার বিজয়ী এআর রহমানকে প্রস্তাব দেয়া হয়। কিন্তু তাতে হননি রহমান। অবশেষে পুরো ভারতের মধ্য থেকে গানের জগতে সেরা আইডলকে খুঁজে বের করার দায়িত্ব আসে আশা ভোঁসলের ওপর অর্পিত হয়।
অনুষ্ঠানটি আগামী ১ জুন শুক্রবার থেকে ভারতীয় টিভি চ্যানেল সনিতে প্রচার শুরু হবে।
বাংলাদেশ সময় ১২৩০, মে ৩০,২০১২ সম্পাদনা: অনন্যা আশরাফ, নিউজরুম এডিটর; আহ্সান কবীর, আউটপুট এডিটর
বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।