৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৮:৫৭ পিএম BDST banglanew24
17 Mar 2013   02:00:57 PM   Sunday BdST
E-mail this

সরকারের মেয়াদ শেষ, ভিন্ন রূপে মেয়র !


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সরকারের মেয়াদ শেষ, ভিন্ন রূপে মেয়র !

চট্টগ্রাম: সরকারের মেয়াদের শেষ সময়ে এসে ভোল পাল্টাচ্ছেন চট্টগ্রামের মেয়র এম মনজুর আলম। বিএনপির মনোনয়নে মেয়র নির্বাচিত হবার পরও গত দু’বছর তিনি সিটি কর্পোরেশনে সাড়ম্বরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করেছিলেন।

কিন্তু সরকারের মেয়াদ শেষের দিকে সেই কর্মসূচী এবার সিটি কর্পোরেশন পালন করেছে অনেকটা দায়সারাভাবে। এমনকি রাষ্ট্রীয়ভাবে পালিত এ কর্মসূচীতে অংশ নেননি মেয়র নিজেও।

বঙ্গবন্ধুর জন্মদিন দায়সারাভাবে পালিত হওয়ায় সিটি কর্পোরেশনের আওয়ামী লীগ সমর্থক কাউন্সিলররা ক্ষুব্ধ হয়েছেন। চলতি মাসে কর্পোরেশনের সাধারণ সভায় বিষয়টি নিয়ে ক্ষুব্ধ কাউন্সিলররা মেয়রের কাছে ব্যাখা চাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মেয়রের ঘনিষ্ঠ একটি সূত্রে জানা গেছে, বিএনপি ও জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত কয়েকজন কাউন্সিলরের পরামর্শে মেয়র এবার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচিত হবার পর মেয়র ‘নিরপেক্ষভাবে’ কর্পোরেশনে জাতীয় শোক দিবস, বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করলেও সরকারের মেয়াদ শেষ হয়ে আসায় তাকে দলীয় অবস্থানের সঙ্গে সঙ্গতি রেখে কর্মসূচী পালনের সিদ্ধান্ত দেন ওই কাউন্সিলররা।

এর ফলে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে এবার সিটি কর্পোরেশনের আয়োজন অনেকটা আওয়ামী লীগের কাউন্সিলরদের কর্মসূচীতে পরিণত হয়েছে। তবে এসব কর্মসূচীতে অংশ নিয়েছেন সিটি কর্পোরেশনের সচিব সামশুদ্দোহাসহ কর্মকর্তা-কর্মচারীরা।

এ বিষয়ে জানতে বাংলানিউজের পক্ষ থেকে মেয়র এম মনজুর আলমের মোবাইলে ফোন করা হলে তিনি প্রশ্ন শুনে লাইন কেটে দেন। এরপর আরও কয়েক দফা চেষ্টা করেও তিনি ফোন রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি।

তবে এ প্রসঙ্গে মেয়রের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত চসিকের আওয়ামী লীগ সমর্থক প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী বাংলানিউজকে বলেন, ‘ভাই মেয়র সাহেব তো একটা ভিন্ন আদর্শের পলিটিক্স করেন। তিনি তো আর আওয়ামী লীগ করেন না। এসব বিষয়ে নিশ্চয় উনার একটা নিজস্ব অবস্থান আছে। এর জবাব সবচেয়ে ভালভাবে উনি নিজেই দিতে পারবেন।’

চসিক সূত্রে জানা গেছে, ২০০৯ সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধুর জন্মদিনকে জাতীয় শিশু দিবস ঘোষণা করা হয়। সেসময় মেয়র ছিলেন এবিএম মহিউদ্দিন চৌধুরী। ওই বছর থেকে বঙ্গবন্ধুর জন্মদিনে সিটি কর্পোরেশনের কেবি আব্দুস সাত্তার মিলনায়তনে খতমে কোরআন ও মিলাদ মাহফিল এবং থিয়েটার ইনস্টিউটে কর্পোরেশনের স্কুল-কলেজের শিক্ষার্থীদের সমাবেশ আয়োজন করা হচ্ছে।

২০১০ সালের জুন মাসে এম মনজুর আলম মেয়র নির্বাচিত হবার পর ২০১২ সাল পর্যন্ত একই নিয়মে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এবারও একই নিয়মে অনুষ্ঠানের আয়োজনের বিষয়ে মেয়রের কাছে পরামর্শের জন্য যান আওয়ামী লীগ সমর্থক কয়েকজন কাউন্সিলর ও চসিকের সমাজকল্যাণ কর্মকর্তা আশেক রসুল টিপু।

সূত্র জানায়, কর্পোরেশনের ভেতর বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবসের অনুষ্ঠান আয়োজনে মেয়র সরাসরি নেতিবাচক মনোভাব দেখান। মেয়র ধর্মীয় কর্মসূচী লালদিঘী জামে মসজিদে আয়োজনের নির্দেশ দেন। আর চসিকের পক্ষ থেকে শিশু-কিশোর সমাবেশের আয়োজন না করে স্কুলে গিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে সমাবেশ করার কথা বলেন। মেয়রের এ ধরনের আচরণে বিস্মিত হন আওয়ামী লীগ সমর্থক কাউন্সিলররা।

পরে মেয়র ঘনিষ্ঠ একজন প্যানেল মেয়রকে একান্তে ডেকে তার এ ধরনের মনোভাবের বিষয়ে ব্যাখা দেন। এরপর চৌধুরী হাসান মাহমুদ হাসনী কর্পোরেশনে কোন অনুষ্ঠান না করে বাইরে করার বিষয়ে সক্রিয় ভূমিকা রাখেন বলে সূত্র জানিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সমাজকল্যাণ কর্মকর্তা আশেক রসুল টিপু বাংলানিউজকে বলেন, ‘মেয়র সাহেবের নির্দেশে এবার আমরা অপর্ণাচরণ স্কুল ও কৃঞ্চকুমারী স্কুলে যৌথভাবে শিশু দিবসের অনুষ্ঠান করেছি। সেখানে কেক কাটার অনুষ্ঠানে মেয়র না আসলেও প্যানেল মেয়র এবং সচিব, শিক্ষা কর্মকর্তা ছিলেন।’

মেয়র কেন আসেননি জানতে চাইলে তিনি বলেন, ‘শুনেছি মেয়র সাহেব অসুস্থ।’

কর্পোরেশনের বাইরে কর্মসূচী পালনের বিষয়ে জানতে চাইলে চৌধুরী হাসান মাহমুদ হাসনী বাংলানিউজকে বলেন, ‘এটা তো অনেক ভাল হয়েছে। এবার আমরা দু’টি স্কুলে কর্মসূচী পালন করেছি। অনেক বাচ্চা এ কর্মসূচীতে সম্পৃক্ত হয়েছে। আগামীবার আরেকটি স্কুলে করব। এভাবে কর্মসূচী পুরো নগরীতে ছড়িয়ে যাবে।’

নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগ সমর্থক এক কাউন্সিলর বাংলানিউজকে বলেন, ‘সরকারের মেয়াদ শেষ হয়ে আসায় মেয়র সাহেব এখন বিএনপি নেতা সাজতে চাচ্ছেন। এজন্য রাষ্ট্রীয় কর্মসূচীতে তিনি যোগ দেননি। মেয়র সাহেব কখনও আওয়ামী লীগ সাজেন, কখনও বিএনপি আবার কখনও নিরপেক্ষ সাজেন। তার আসল রূপ কোনটি সেটি বোঝাই মুস্কিল।’

এ প্রসঙ্গে প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী বাংলানিউজকে বলেন, ‘আওয়ামী লীগ যদি আবার ক্ষমতায় না আসে, তখন তো শিশু দিবস থাকবেনা। কিন্তু আমরা যারা আওয়ামী লীগ করি, আমরা তখন শিশু দিবস পালন করব। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে মেয়র সাহেব ৭ নভেম্বর পালন করবেন। আমরা কি তখন মেয়রের ৭ নভেম্বরের কর্মসূচীতে যাব ?’

চসিকের দু’বার নির্বাচিত এক কাউন্সিলর প্যানেল মেয়র হাসনীর ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে বাংলানিউজকে বলেন, ‘তিনি বিপিএল ক্রিকেট খেল‍ায় যুদ্ধাপরাধী সাকা চৌধুরীর পরিবারের টিমের সমর্থক কমিটির সভাপতি হয়েছিলেন। আবার আদর্শের মিল না থাকলেও মেয়রের রাজনৈতিক সিদ্ধান্তগুলো বাস্তবায়নে সক্রিয় সহযোগিতা করেন হাসনী। এ কারণে আওয়ামী লীগের কাউন্সিলররা এখন আর হাসনীকে সমর্থন করেন না।’

উল্লেখ্য আওয়ামী লীগের সমর্থনে টানা তিনবার কাউন্সিলর নির্বাচিত হয়ে এম মনজুর আলম ছিলেন সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেন। মহিউদ্দিনের অনুপস্থিতিতে তার আস্থাভাজন হিসেবে তিন মেয়াদে ৩২ বার ভারপ্রাপ্ত মেয়রেরও দায়িত্ব পান এম মনজুর আলম।

কিন্তু ওয়ান ইলেভেনের পর মহিউদ্দিন কারাগ‍ারে গেলে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বে থাকা এম মনজুর আলমের ভূমিকা নিয়ে দু’জনের সম্পর্কের অবনতি ঘটে। এ প্রেক্ষাপটে মনজুর ২০০৮ সালের সংসদ নির্বাচনের আগে বিএনপিতে যোগ দেয়ার চেষ্টা করেন। কিন্তু সুযোগ না পেয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা.আফছারুল আমিনের বিরুদ্ধে স্বতন্ত্র নির্বাচন করে জামানত হারান।

২০১০ সালে সিটি কর্পোরেশন নির্বাচনে মহিউদ্দিন আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির ব্যানারে প্রার্থী হলে মনজুর বিএনপি-জামায়াত সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের ব্যানারে প্রার্থী হয়ে চমক সৃষ্টি করেন। নির্বাচনে মনজুর আলম প্রায় ৯৫ হাজার ভোটের ব্যবধানে মহিউদ্দিনকে হারিয়ে মেয়র নির্বাচিত হন।

গত বছর মেয়রকে সহ-সভাপতির মর্যাদায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামন্ডলীর সদস্য করা হয়। কিন্তু বিএনপির ভেতরেই অভিযোগ আছে, দলের সমর্থনে নির্বাচিত হলেও এবং পদ-পদবী পেলেও মেয়র রাজনৈতিক কোন কর্মসূচীতে সক্রিয় নন। বরং পর্দার অন্তরালে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগও আছে তার বিরুদ্ধে।

বাংলাদেশ সময়: ১৩৫৪ঘণ্টা, মার্চ ১৭, ২০১৩
আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান