আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরায় এবার বামপন্থীদের সমর্থনে মাঠে নামল সাংস্কৃতিক কর্মীরা। বুধবার শহরের প্রাণকেন্দ্র প্যারাডাইস চৌমুহনীতে তারা বামফ্রন্টের হয়ে প্রচার করে।
এমনিতেই গোটা রাজ্যে সিপিএমের আলাদা সাংস্কৃতিক সংগঠন রয়েছে। এদিন সেই সংগঠন ত্রিপুরা সাংস্কৃতিক সমন্বয় কেন্দ্রের উদ্যোগে চলে প্রচার।
প্রচার চলে অভিনব ভাবে। গানে কবিতায় ছবিতে আর পোস্টারে। সঙ্গীত শিল্পী থেকে চিত্র শিল্পী, বেহালা বাদক থেকে ড্রাম বাদক শিল্পী সবাই অংশ নেন এতে। নবীন থেকে প্রবীন সব বয়েস এদিন এসে মিলেছিল বামফ্রন্টের এই প্রাচারে।
এদিন শিল্পীরা আওয়াজ তোলেন “রাজ্যের শান্তি সম্প্রীতি সুস্থিতি এবং শিল্প চর্চার পরিবেশ বজায় রাখতে আসন্ন নির্বাচনে বামফ্রন্টকে জয়ী করুন।”
সকাল থেকেই রাজধানীর প্যারাডাইস চৌমুহনীতে জমা হন শিল্পীরা। গানে কবিতায় তারা বামফ্রন্টের পক্ষে প্রচার চালান।
অন্যদিকে একটি বড় ক্যানভাসে চিত্র শিল্পীরা ছবি আঁকেন। সেই ছবির মূল কথাও ছিল সপ্তম বামফ্রন্ট সরকার গঠন। প্যারাডাইস চৌমুহনীতেই বামফ্রন্ট সরকার গড়ার অঙ্গীকার জানিয়ে একটি চলে স্বাক্ষর সংগ্রহ।
এদিকে সন্ধ্যা হতেই পথে নেমে পড়ছেন নাট্য কর্মীরা। ৫০টি নাট্য দল শহরের এ মাথা থেকে ওমাথা চষে বেরাচ্ছেন তাদের নাটক নিয়ে। অভিনয় করছেন পথে দাঁড়িয়ে। প্রতি সন্ধ্যায় শহরের আনাচে কানাচে অনুষ্ঠিত হচ্ছে অসংখ্য পথ নাটক। এই সব পথ নাটকের মধ্য দিয়েও প্রাচার করা হচ্ছে বামফ্রন্টকে ভোট দেবার জন্য।
বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর- eic@banglanews24.com