ঢাকা: কোপা দেল রে কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে বুধবার রাতে ভ্যালেন্সিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। এই ড্রয়ের ফলে দুই লেগ মিলিয়ে এগিয়ে থেকে প্রতিযোগিতার সেমিফাইনালে ওঠে রিয়াল। তবে ভ্যালেন্সিয়ার সঙ্গে এই লড়াইয়ে হাত ভেঙ্গে দীর্ঘ সময়ের জন্যই মাঠের বাইরে যেতে হচ্ছে রিয়াল অধিনায়ক ও গোলরক্ষক ইকার ক্যাসিয়াসকে।
ভ্যালেন্সিয়ার মাঠ এস্তাদিও ডি মেস্তাল্লাতে অনুষ্ঠিত ম্যাচে ১৮ মিনিটেই দূর্ঘটনার কবলে পড়েন ক্যাসিয়াস। ১৮ মিনিটে প্রচন্ড একটি কিক দক্ষতার সঙ্গে রক্ষা করে দলকে সম্ভাব্য বিপদ থেকে বাঁচিয়ে দেন রিয়াল গোলরক্ষক। তবে নিজে বিপদ এড়াতে পারেননি। হাতে তীব্র ব্যথার কারণে বদলী গোলরক্ষক অ্যান্তনিও আদানকে পোস্ট সামলাতে দিয়ে মাঠের বাইরে চলে যেতে হয় ক্যাসিয়াসকে।
বৃহস্পতিবার রিয়ালের এক বিবৃতিতে ক্যাসিয়াসের হাতে ফাটল ধরার বিষয়টি নিশ্চিত করা হয়,‘লা মরালেয়া সানিতাস হসপিটালে করা প্রাথমিক এক্সরে পরীক্ষায় বাঁহাতের প্রথম মেটাকারপালে ফাটল ধরা পড়েছে ক্যাসিয়াসের।’
বিবৃতিতে আরো বলা হয়,‘দিনের শেষার্ধে ক্যাসিয়াসকে একজন বিশেষজ্ঞ চিকিৎসক দেখানো হবে। তিনিই এই ফুটবলারের চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করবেন।’ তবে বিবৃতিতে ক্যাসিয়াসের সেরে ওঠার সময় সম্পর্কে কিছু বলা হয়নি। সাধারণত এ ধরনের চোট সেরে ওঠার জন্য তিন মাসও লেগে যেতে পারে।
ম্যাচে ৪৪ মিনিটে জাভি অ্যালনসোর পাসে গোল করে রিয়ালকে এগিয়ে দেন করিম বেনজেমা। কিন্তু বিরতির সাত মিনিট পরেই ভ্যালেন্সিয়াকে সমতায় ফেরান আলবার্তো কস্তা। বাকি সময়ে কোনো পক্ষই গোল পায়নি।
দুই ম্যাচ মিলিয়ে রিয়াল ৩-১ গোলে এগিয়ে থেকে প্রতিযোগিতার শীর্ষচারে জায়গা করে নেয়।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ২৫ জানুয়ারি, ২০১৩
এএইচবি/এসএ