 |
সংসদ ভবন থেকে: দেশে বর্তমানে ৬০ ভাগ লোক বিদ্যুৎ সুবিধা পাচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক।
বৃহস্পতিবার জাতীয় সংসদের টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে সালমা ইসলামের প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বর্তমানে দেশে ৬০ শতাংশ (শতকরা সাত ভাগ নবায়নযোগ্য জ্বালানিসহ) লোক বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে। সরকার ঘোষিত ভিশন-২০২১ অনুযায়ী আগামী ২০২১ সাল নাগাদ দেশের সব জনগণকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনা সম্ভব হবে বলে আশা করা যায়।
সানজিদা খানমের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দেশে বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ পাঁচ হাজার ৭০০ মেগাওয়াট। প্রকৃত উৎপাদন পাঁচ হাজার থেকে পাঁচ হাজার ২০০ মেগাওয়াট।
এবিএম আশরাফ উদ্দিন নিজানের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমের আওতায় গত বছর নয় হাজার ৯৬৫ কিলোমিটার নতুন বিদ্যুৎ লাইন সংযোগ প্রদান করা হয়েছে।
মো. শফিকুল ইসলামের লিখিত প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ২০০৯ থেকে গত বছরের ডিসেম্বর পর্যন্ত ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে দিনে গড়ে উৎপাদন হয় দুই হাজার ২৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস।
একই বিষয়ে এবিএম আশরাফ উদ্দিনের (নিজান) প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, সারাদেশে চাহিদার তুলনায় গ্যাস সরবরাহে ঘাটতি রয়েছে। আর ঘাটতির পরিমাণ হচ্ছে দিনে ৪৮০ মিলিয়ন ঘনফুট।
অপু উকিলের লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, রাজধানীতে গ্যাসের চাহিদার তুলনায় সরবরাহের ঘাটতির কারণে কিছু কিছু এলাকায় গ্যাসের স্বল্পচাপের সৃষ্টি হয়েছে। শীত মৌসুমে গ্যাসের চাহিদা বৃদ্ধির ফলে স্বল্পচাপ সমস্যা কিছুটা বৃদ্ধি পায়।
বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৩
এসএইচ/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর