ঢাকা: রাশিয়ার যে অঞ্চলে উল্কাপিণ্ড পতিত হয়েছে সেখানে পরিষ্কার অভিযান চলছে। চেলিয়াবিনস্কের উরাল পর্বতাঞ্চলে উদ্ধার ও পরিষ্কার অভিযানে নয় হাজারের বেশি লোক কাজ করছে বলে জানিয়েছে দেশটির জরুরি সেবা মন্ত্রণালয়।
জানা গেছে, দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ উদ্ধার ও পরিষ্কার অভিযানের নির্দেশ দিয়েছেন।
শুক্রবারে মহাকাশ থেকে উল্কা পিণ্ড ছিটকে পড়ার সময় সৃষ্ট কম্পনে প্রায় চার হাজার ঘর-বাড়ি ভেঙ্গে যায়। এতে আহত হয় দু’শ শিশুসহ প্রায় এক হাজার দু’শ জন । উল্কাপিণ্ডটির মূল আঘাতস্থল ছ’হাজার বর্গফুটের একটি দস্তা ফ্যাক্টরি ধসে গেছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
রাশিয়ার একটি টেলিভিশনের প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টা ২০ মিনিটে একটি আলোকসদৃশ পিণ্ড হঠাৎ প্রচণ্ড গতিতে ভূ-খণ্ডের পাশ দিয়ে অতিক্রম করে। এ সময় কিছু উল্কাপিণ্ড প্রচণ্ড গতিতে আঘাত করে ভূ-খণ্ডে।
জরুরি সেবা বিষয়ক মন্ত্রী ভ্লাদিমির পুচকভ জানান, এখনও ওই অঞ্চলে উল্কাপিণ্ডের অংশ পাওয়া যায়নি।
শনিবার ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তিনি ক্ষতিগ্রস্ত এলাকা সফর করেন। পুচকভ বলেন, “আমাদের একটি বিশেষ দল কাজ করছে...ভবনগুলোর ভূকম্পন টেকসই যাচাই করছে এখন। গ্যাস সেবা পুনরায় চালু করার ক্ষেত্রে আমরা খুবই গুরুত্বের সঙ্গে কাজ করব।”
রুশ কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ ৩ কোটি ৩০ লাখ হবে।
চেললিয়াবিনস্ক অঞ্চলে পরিষ্কার কাছে নয় হাজারের বেশি লোক কাজ করছে। এদের অধিকাংশই স্থানীয়। তবে প্রায় ১৮শ লোক প্রতিবেশি অঞ্চল থেকে এসেছে।
বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com