 |
ঢাকা : গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘মহাজোট মহাজটে পরিণত হয়েছে।’
বুধবার গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে গণফোরামের কেন্দ্রীয় কমিটি আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘সরকারের অনেক মন্ত্রী ব্যর্থতার পরিচয় দিয়েছে। অথচ তারা ক্ষমতা ছাড়ছেন না। ক্ষমতা না ছেড়ে তারা জোটের মধ্যে খেলা করছে।’
তিনি আরো বলেন, ‘মহাজোটের অন্যতম শরিক এরশাদ সরকারের বিভিন্ন বিষয়ে বিরোধিতা করছেন। অথচ তার ভাই মহাজোটের মন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
তিনি বলেন, অনেকে বঙ্গবন্ধুর নাম ভাঙ্গিয়ে এবং বঙ্গবন্ধুর কালো কোট পরে দুর্নীতি করছে। এ কালো কোট পরাওয়ালাদের কালো কোট খুলে নিতে হবে।’
ড. কামাল বলেন, শেয়ারবাজারে যারা কেলেঙ্কারি করেছে তারা পশ্চিমাদের উত্তরসূরি, অথচ আমাদের অর্থমন্ত্রী বলেন, এদের নাকি নাম বলা যাবে না।
তিনি অর্থমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, আপনিতো গণফোরামের লোক ছিলেন। আপনি গণফোরামে থেকে যে শিক্ষা গ্রহণ করেছেন অন্তত সে শিক্ষা থেকে আপনার কিছু শিক্ষা নেওয়া উচিত।
শেয়ার কেলেঙ্কারিরা যতই ক্ষমতাবান হোক না কেন- আপনি মুখ খুলুন। আপনার পাশে আমরা আছি।’
ড. কামাল বলেন, গণমাধ্যমকে হুমকি ও চোখ রাঙানো হচ্ছে। আমরা সেটা প্রত্যক্ষ করছি। এতে কোনো লাভ হবে না। কারণ, কোনো স্বৈরাচারকে জনগণ ক্ষমা করেনি, আগামীতেও করবে না।
মুক্তিযোদ্ধাদের শুধু স্মরণ করলে হবে না- তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে বলে উল্লেখ করেন ড. কামাল।
তিনি বলেন, দেশে অনেকেই আইনের শাসন পাচ্ছে না। যে রাষ্ট্রের মালিক জনগণ- সে রাষ্ট্রে এমন হতে পারে না। সাধারণ জনগণ সঠিক বিচার না পেলে সেটা হবে রাষ্ট্রের ওপর আঘাতের সামিল।
পুলিশ সম্পর্কে তিনি বলেন, পুলিশ প্রশাসন কোনো দল বা গোষ্ঠীর সম্পদ নয়। এটি রাষ্ট্রের সম্পদ। তাই জনগণের জন্য এদের কাজ করতে দিতে হবে।
তিনি বলেন, সংসদকে কার্যকর করতে হবে এবং প্রতিনিধিদের উচিত হবে জনগণের সমস্যা সংসদে উপস্থাপন করা।
আমরা ১৪ দলের সঙ্গে আন্দোলন করেছি এবং সরকারকেও বিদায় করেছি।
ড. কামাল বলেন, এর আগে আমরা হওয়া ভবনের লোকদের অনেক বুঝিয়েছি কিন্তু তারা আমাদের কথা শোনেনি। আসলে ১৬ কোটি লোকের সঙ্গে কেউ বেঈমানী করে ক্ষমতায় থাকতে পারে না।
আলোচনায় আরো অংশ নেন গণফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, অ্যাডভোকেট আ.ও.ম শফিক উল্লাহ, অ্যাডভোকেট মো. সগীর আনোয়ার, গণফোরামের তথ্য ও গণমাধ্যম সম্পাদক গোলাম রব্বানী বাবলু প্রমুখ।
বাংলাদেশ সময় : ১৯৫৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০১২
এমআইএস,
সম্পাদনা : কাজল কেয়া, নিউজরুম এডিটর
সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর