ঢাকা: দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডের (এসপিসিবিএল) উৎপাদনের ২৫ বছর পূর্তিতে বাংলাদেশ ব্যাংক স্মারক নোট বের করবে।
আগামী শনিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান আনুষ্ঠানিকভাবে স্মারক নোট গাজীপুরের এসপিসিবিএল অফিস থেকে অবমুক্ত করবেন।
বাংলাদেশ ব্যাংক গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এএফএম বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, স্মারক নোট আনুষ্ঠানিকভাবে অবমুক্তকরণের পরের দিন থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ফোল্ডার ও খামসহ প্রতিটি ১০০ টাকাতে এবং শুধুমাত্র নোট ২৫ টাকায় পাওয়া যাবে। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের সব শাখা অফিস এবং বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের শাখা থেকেও নগদ মূল্যে স্মারক নোট কেনা যাবে। তবে স্মারক নোটটি বিনিময়যোগ্য নয়।
নোটের বৈশিষ্ট্য
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান স্বাক্ষরিত ১২৩মিমিÍ৬০ মিমি আকারের স্মারক নোটের একপাশে জাতীয় স্মৃতিসৌধের প্রতিকৃতি, বিভিন্ন মূল্যমানের নোটের প্রতিকৃতি, দোয়েল ও হরিণের ছবি, নিচে ‘‘দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডের রজত জয়ন্তী (১৯৮৮-২০১৩), ওপরের দিকে বাংলায় “বাংলাদেশ ব্যাংক” মুদ্রিত আছে। এছাড়া নোটের ডান দিকে আড়াআড়িভাবে “Bangladesh Bank” এবং বামদিকে আড়াআড়িভাবে "Silver Jubilee of SPCBL" মুদ্রিত রয়েছে।
নোটের পশ্চাৎভাগে এসপিসিবিএল ভবনের প্রতিকৃতি এবং প্রতিকৃতির নিচে ছোট করে “এসপিসিবিএল ভবন`` লেখা আছে, ভবনের ওপর এসপিসিবিএল-এর ২৫ বছর পূর্তি লোগো, ভবনের সামনে জাতীয় পতাকার ছবির প্রতিকৃতি এবং ২৫ বছর, ওপরের ডানদিকের কোণায় বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম, নিচে Silver Jubilee of The Security Printing Corporation (Bangladesh) Ltd ১৯৮৮-২০১৩ মুদ্রিত রয়েছ।
এছাড়া নোটের ডানদিকে আড়াআড়িভাবে “Bangladesh Bank” এবং বামদিকে আড়াআড়িভাবে " Silver Jubilee of SPCBL " মুদ্রিত রয়েছে।
বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৩
এসএআ/আরআর