 |
খুলনা: আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল খুলনায় শুরু হয়েছে।
মানবতাবিরোধী অপরাধে আটক শীর্ষ নেতাদের মুক্তির দাবি এবং বুধবার বায়তুল মোকাররমের সামনে সমাবেশের অনুমতি না দেওয়ায় বৃহস্পতিবার সারা দেশে এ হরতালের ডাক দেয় জামায়াতে ইসলামী।
সকাল ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত নগরীতে বিচ্ছিন্নভাবে কিছু রিক্সা, ভ্যান ও অটোরিকশা চলতে দেখা গেছে। তবে এর সংখ্যা খুবই কম। দূরপাল্লার বাস-ট্রাক বন্ধ রয়েছে। তবে ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
এছাড়া এ সময়ের মধ্যে দুই এক স্থানে পিকেটার দেখা গেছে। তবে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সরেজমিনে নগরীর রয়্যাল মোড়, ডাকবাংলো মোড়, সোনালী ব্যাংক চত্বর, ফেরিঘাট মোড়, পিকচার প্যালেস মোড়, পাওয়ার হাউজ মোড়, ময়লাপোতা মোড়, শিববাড়ি মোড়, পশ্চিম রূপসা ঘাট, শামসুর রহমান রোড, বৈকালী মোড়, বয়রা মোড়, নিরালা, গল্লামারী মোড়সহ গুরুত্বপূর্ণ স্থানে অস্ত্রধারী বিপুল সংখ্যক পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা গেছে। মহানগর জামায়াত অফিসের সামনে রয়েছে পুলিশী বেস্টনী।
খুলনা মেট্রোপলিটন পুলিশের একটি সূত্র বাংলানিউজকে জানায়, হরতালে নগরীজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যাবস্থা নেওয়া হয়েছে। ভোর থেকে রাস্তায় পুলিশ ও ৠাবের টহল চলছে। হরতালের সম্ভাব্য সহিংসতা এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্কাবস্থায় রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
বাংলাদেশ সময় : ০৮২২ ঘণ্টা, জানুয়ারি ৩১,২০১৩
মাহবুবুর রহমান মুন্না/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর