নওগাঁ: নওগাঁর মান্দা উপজেলার চৌবাড়িয়া হাট এলাকা থেকে বুধবার আগ্নেয়াস্ত্রসহ রেন্টু ওরফে কালু (৩০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
এ সময় তার কাছে থেকে ৪টি বিদেশি পিস্তল, ৮টি ম্যাগজিন ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
কালু চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বড় তেলকুপি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
নওগাঁ জেলা পুলিশ সুপার (এসপি) ওয়াইএম বেলালুর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বুধবার সকালে চৌবাড়িয়া হাট এলাকায় অভিযানে নামে। এ সময় বিকেল সাড়ে ৫টার দিকে সন্দেহজনকভাবে কালুর একটি প্লাস্টিকের হাত ব্যাগে তল্লাশি করা হলে অস্ত্রসহ তাকে আটক করা হয়।
আটকের পর কালু অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান এসপি।
বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, জুন ১৩, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিট্র