লন্ডন: অ্যাস্টন ভিলার মাঠে ১-০ গোলে জিতে শীর্ষে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ১২ পয়েন্টের ব্যবধান কমিয়ে এনেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানসিটি। সোমবার একমাত্র গোলটি করেন আর্জেন্টাইন তারকা কার্লোস তেভেজ।
প্রতিপক্ষের মিডফিল্ডার কিয়ারান ক্লার্ক বল নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হলে প্রথমার্ধের ইনজুরি সময়ে একমাত্র গোলটি করেন তেভেজ। ইয়াইয়া তোরের পাস থেকে এডিন জেকোর গোলটি অফসাইডে ব্যর্থ হয়।
প্রিমিয়ার লিগে এখনো ১০ ম্যাচ হাতে রয়েছে ম্যানসিটির। কোচ রবার্তো মানচিনির বিশ্বাস বাকি ম্যাচের সবকটিতে জিততে পারলে শিরোপা ধরে রাখা সম্ভব।
তাই এখনি হার মানছেন না এ ইতালিয়ান,‘১০ ম্যাচের সবকটিই আমাদের জিততে হবে। এ ম্যাচটি জেতা আমাদের জন্য সত্যিই গুরুত্বপূর্ণ ছিল। ইউনাইটেডের সঙ্গে ১২ পয়েন্টে ব্যবধান কমিয়ে আনাও আমাদের জন্য কাজের হয়েছে, কারণ ১০টি ম্যাচ হাতে থাকায় একেবারেই আশা ছেড়ে দেয়া যাবে না। চ্যাম্পিয়নশিপের আশা এখনো শেষ হয়ে যায়নি।’
৭১ পয়েন্টে শীর্ষে ম্যানইউ, আর ম্যানসিটির অর্জন ৫৯।
বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ৫ মার্চ ২০১৩
এফএইচএম/এএইচবি/এসএ