 |
জাপান: চলতি বছরের পঞ্চম প্রবাস প্রজন্ম জাপান সম্মাননা পাচ্ছেন জনপ্রিয় কন্ঠশিল্পী সামিনা চৌধুরী ও এটিএন নিউজের হেড অব নিউজ মুন্নি সাহা।
আগামী ২৮ এপ্রিল জাপানের রাজধানী টোকিওতে এক জাঁকজমক আয়োজনের মাধ্যমে তাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে। পুরষ্কারপ্রাপ্তরা ছাড়াও বাংলাদেশ ও জাপান থেকে বিশিষ্ট ব্যক্তিরা এতে আমন্ত্রিত হয়ে উপস্থিত থাকবেন।
জাপানে বেড়ে ওঠা প্রবাসী শিশু-কিশোরদের বাংলাদেশের সাহিত্য, সংস্কৃতি, ভাষা, ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করতে ২০০৭ সালে জন্ম নেয় এ সংক্রান্ত একমাত্র সংগঠন ‘প্রবাস জন্ম জাপান’।
সেই থেকে নিয়মিতভাবে প্রতিবছর সংগঠনটি শিশু-কিশোরদের উৎসাহ দেওয়ার জন্য বার্ষিক আয়োজনের মাধ্যমে বাংলাদেশের স্বনামধন্য ব্যক্তিদের আমন্ত্রণ জানিয়ে সম্মাননা দিয়ে আসছে। অনুষ্ঠানটি জাপানে ‘দুই প্রজন্মের মিলন মেলা’ হিসেবে খ্যাত।
এ পর্যন্ত যারা এ সম্মাননা পেয়েছেন, তাদের মধ্যে রয়েছেন কথাসাহিত্যিক ও গবেষক ড. মুহাম্মদ জাফর ইকবাল, শিশুসাহিত্যিক ও মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর, সাংবাদিক ও লেখক গোলাম মোর্তোজা, রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, কণ্ঠশিল্পী ফাহমিদা নবী এবং জাপানের বাংলাদেশি বংশোদ্ভূত জনপ্রিয় মডেল, টিভি ব্যক্তিত্ব ও সঙ্গীতশিল্পী রোলা।
বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৩
এমআইএস/সম্পাদনা: হাসান শাহরিয়ার হৃদয়, নিউজরুম এডিটর