ব্রাহ্মণবাড়িয়া: হরতালের তৃতীয় দিনও কোনো প্রভাব পড়েনি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে। প্রতিদিনের মত মঙ্গলবার সকাল থেকেই পুরোদমে সচল রয়েছে দেশের অন্যতম রফতানিমুখি এ বন্দর।
আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল বাংলানিউজকে জানান, বেলা ১২টা পর্যন্ত মাছ, তুলা, সিমেন্ট, পাথরসহ কমপক্ষে ৭০টি পণ্যবাহী ট্রাক ভারতে গেছে। আরও প্রায় দু’শতাধিক পণ্যবাহী ট্রাক বন্দর এলাকায় রফতানির অপেক্ষায় আছে।
এদিকে হরতালের সমর্থনে সকালে পৌর শহরে মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তবে কোথাও কোনো পিকেটিং লক্ষ করা যায়নি। শহরের সব দোকানপাট খোলা রয়েছে। যান চলাচলও স্বাভাবিক।
অন্যদিকে সকাল ১১টার দিকে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আল আমিন খানের নেতৃত্বে হরতাল বিরোধী মিছিল হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১২
প্রতিবেদন: সমীর চক্রবর্তী
সম্পাদনা: তানিয়া আফরিন, নিউজরুম এডিটর