চট্টগ্রাম: যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াত-শিবিরের রাজনীতির নিষিদ্ধের দাবিতে ৭ মার্চ বৃহস্পতিবার চট্টগ্রামে মহাসমাবেশ করবে গণজাগরণ মঞ্চ। পরদিন শুক্রবার শাহবাগের প্রজন্ম চত্বরের সঙ্গে সংহতি প্রকাশ করে অনুষ্ঠিত হবে নারী জাগরণ সমাবেশ।
মঙ্গলবার গণজাগরণ মঞ্চে অনুষ্ঠিত নির্ধারিত সমাবেশ থেকে মহাসমাবেশের ঘোষণা দেন উদ্যোক্তারা।
সাম্প্রদায়িকতা বিরোধী তরুণ উদ্যোগের আহবায়ক ও গণজাগরণ মঞ্চের সমন্বয়ক শরীফ চৌহান বাংলানিউজকে বলেন, ‘যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে ও যুদ্ধাপরাধী সংগঠন জামায়াত-শিবিরকে নিষিদ্ধের দাবিতে আমাদের ধারাবাহিক আন্দোলনের কর্মসূচী হিসেবে ৭ মার্চ মহাসমাবেশ এবং ৮ মার্চ নারী জাগরণ সমাবেশ করব।’
এদিকে বিরোধী দল বিএনপি’র ডাকা হরতালের মধ্যেও যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে মুখর ছিল চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরের গণজামগরণ মঞ্চ। জনতার স্লোগান ও শিল্পীদের জাগরণের গানে বিকেল থেকে উত্তাল হয়ে উঠে গণজাগরণ মঞ্চ।
প্রতিদিনের ন্যায় মঙ্গলবারও উদীচীর জাগরণের গানের মাধ্যমে শুরু হয় ২৮তম দিনের কর্মসূচী। এসময় তাদের গাওয়া জাগরণের গানগুলো আন্দোলকারীদের উদ্দীপ্ত করে। তারাও সুর মিলিয়ে মুখরিত করে তোলেন পুরো গণজাগরণ চত্বরসহ আশাপাশের এলাকা।
উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সাধারণ সম্পাদক সুনীল ধর বাংলানিউজকে বলেন,‘যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শুরু হওয়া এ আন্দোলন তরুণ প্রজন্মের নতুন মুক্তিযুদ্ধ। জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ ও যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আগামীতে নতুন কর্মসূচী পালন করা হবে।‘
তিনি বলেন,‘যুদ্ধাপরাধীদের বিচার না হওয়া পর্যন্ত গণজাগরণের আন্দোলন চলবেই। তাদের ফাঁসি না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।’
বাংলাদেশ সময়: ২০০০ঘণ্টা, মার্চ ০৫,২০১৩
এসজি/টিসি