 |
চট্টগ্রাম: ক্ষমতার দাপট দেখিয়ে ও হুমকি দিয়ে সম্পদ হাতিয়ে নেয়ার চেষ্টার অভিযোগে দু`পুলিশ উপ-পরিদর্শকের (এস আই) বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে মামলা দায়ের হয়েছে।
রোববার দুপুরে হালিশহরের সবুজবাগ আবাসিক এলাকার বাসিন্দা নূর মোহাম্মদ (৩২) বাদী হয়ে এ মামলা করেন।
মামলার দুই আসামী হলেন হালিশহর থানার উপ-পরিদর্শক ফররুখ আহমদ মিনহাজ ও হারুন।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মুজিবুর রহমানের আদালতে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় এ মামলা দায়ের করা হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।
বাদীর আইনজীবী সানোয়ার আহমেদ লাবলু বাংলানিউজকে জানান, আদালত মামলাটি গ্রহণ করেছেন। মামলার তদন্তের জন্য নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনারকে নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ জানুয়ারি বাদী নূর মোহাম্মদের ঠিকানায় হালিশহর থানা থেকে একটি নোটিশ পাঠিয়ে তাকে থানায় তলব করা হয়। নোটিশটি ভূয়া জানতে পেরে তিনি থানায় যেতে অস্বীকৃতি জানান। পরে সন্ধ্যায় এসআই মিনহাজ বাদীর বাসায় যান এবং তাদের নির্দেশনা অনুযায়ী কাজ করার নির্দেশ দিয়ে হুমকি-ধমকি দেন।
সবুজবাগ এলাকায় নূর মোহাম্মদের প্লট রয়েছে। পাশের প্লটটিও কেনার জন্য তিনি বায়নানামা করেছেন। ২৪ জানুয়ারি এস আই হারুন বাদীর বাসায় যান এবং প্লটের বায়নানামা তার দুলাভাই এ ওয়াই এম নুরুদ্দিন চৌধুরীর কাছে হস্তান্তর করতে বলেন। এসআই হারুন বাদীকে বলেন, প্লট কেনার টাকা আমি দিয়েছি। আপনি প্লটটি হস্তান্তর করুন।
এতে তিনি অস্বীকৃতি জানালে এস আই হারুন তাকে মারধর করেন এবং মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করার হুমকি দেন।
এ ঘটনায় বাদি আহত হন এবং পরবর্তীতে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। সুস্থ হওয়ার পর তিনি প্রথমে দুর্নীতি দমন কমিশনের চট্টগ্রাম কার্যালয়ে মামলা করতে যান। কিন্তু সেখানে মামলা না নেওয়ায় তিনি আদালতে মামলা দায়ের করেছেন বলে এজাহারে উল্লেখ আছে।
বাংলাদেশ সময়:১৪১৩ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭ ২০১৩
আরডিজি/টিসি