 |
| ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
চট্টগ্রাম: সোমবার দিনব্যাপী জামায়াতের ডাকা হরতাল প্রত্যাখান করার আহবান জানানো হয়েছে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরের গণজাগরণ মঞ্চ থেকে। রোববার বিকেলে এ আহবান জানানো হয়।
এদিকে গণসংগীতের মধ্যে দিয়ে গণজাগরণ মঞ্চের ১২তম দিনের কার্যক্রম শুরু হয়েছে। অবস্থান কর্মসূচীতে আসা জনতা যুদ্ধাপরাধীদের ফাঁসি ও ব্লগারের রাজীবের হত্যাকারীদের বিচার এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে শ্লোগান দিচ্ছেন।
অবস্থান কর্মসূচীতে নগরীর বিভিন্ন এলাকার সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে মিছিল নিয়ে গণজমায়েতে হাজির হচ্ছেন। এসব মিছিলে সব বয়সের লোকজনকে দেখা গেছে। সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে মানুষের ঢল।
গত ৫ ফেব্রুয়ারি কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ড দেয় আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরদিন বুধবার থেকে কাদের মোল্লাসহ সকল যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রাম প্রেসক্লাব চত্ত্বর। সেখানে সমবেত সব শ্রেণী পেশার মানুষের কণ্ঠে একটাই দাবি ‘রাজাকারের ফাঁসি চাই, মুক্তিযুদ্ধের বাংলায় রাজাকারের ঠাঁই নাই।’
`সাম্প্রদায়িকতা বিরোধী তরুণ উদ্যোগ` প্রথম এ কর্মসূচী শুরু করেছিল। এরপর প্রতিদিনই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেখানে সংহতি প্রকাশ করে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি জানাচ্ছেন।
রোববার বিকেলেও তরুণদের মুখে ছিল কাদের মোল্লাসহ সকল যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি নিয়ে‘জেগেছে রে জেগেছে, বীর বাঙালি জেগেছে’, মুক্তিযুদ্ধের বাংলায় রাজাকারের ঠাই নাই’ সহ বিভিন্ন শ্লোগান।
বাংলাদেশ সময়: ১৮ ৩৭ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭ ২০১৩
এসজি/টিসি