নিউইয়র্ক : পদ্মা সেতু বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে পরিবর্তন আনবে বলে মনে করেন মার্কিন কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলি। তিনি আন্তরিকভাবে আশা করেন বিশ্বব্যাংক পদ্মা সেতুতে বিনিয়োগ করবে। আর এজন্য তিনি বিশ্বব্যাংককে পত্রও দিয়েছেন।
শনিবার যুক্তরাষ্ট্র কংগ্রেসে বাংলাদেশ ককাসের কো- চেয়ারম্যান জোসেফ ক্রাউলি তার নির্বাচনী তহবিল সংগ্রহে আয়োজিত মধ্যাহ্নভোজে এসব কথা বলেন।
জ্যামাইকার তাজমহল রেস্টুরেন্টে আয়োজিত এ ভোজ সভায় তিনি আরও বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারীর বাংলাদেশ সফর ২দেশের সম্পর্ক উন্নয়নে নতুন দিক নির্দেশনা দিয়েছে। বাংলাদেশে সামাজিক নিরাপত্তা ও মানবাধিকার পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করি।
এসময় তিনি বাংলাদেশের মানুষের সাথে কাজ করে যাবেন বলেও তার প্রত্যয় ব্যক্ত করেন।
মধ্যাহ্ন ভোজে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ডিসি ৩৭ এর নেতা মেজবাহ উদ্দীন, এনআরবি নেটওয়ার্কের হাসান উজ জামান হাসান, মুক্তিযোদ্ধা মুকিত চৌধুরী, ইঞ্জিনিয়ার সাদেক খান, বিএনপি নেতা শরাফত হোসেন বাবু ও শিল্পী বেবী নাজনীন অংশ নেন।
বাংলাদেশ সময়: ১০৪৫ঘণ্টা, জুন ১০, ২০১২
সম্পাদনা: নরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর;
জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর
Jewel_mazhar@yahoo.com