 |
| ছবি: জনি /বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
ঢাকা: রাজধানীর উত্তরার দক্ষিণখান মৌজায় অবস্থিত আশিয়ান সিটির প্রকল্পকে দেওয়া অবস্থানগত ছাড়পত্র, এর নবায়ন, জরিমানা কমানো এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদন দান কেন অবৈধ ঘোষণা করা হবে না,এ মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট।
আদালত একই সঙ্গে পরিবেশ অধিদফতরের দেওয়া আশিয়ান সিটির অবস্থানগত ছাড়পত্রও স্থগিত করেন। আদেশের পাশাপাশি আদালত আশিয়ান সিটির বিরুদ্ধে রুলও জারি করেন।
জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত বুধবার (২ জানুয়ারি) বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই অন্তর্বর্তী আদেশ দেন।
এছাড়া আদালত আশিয়ান সিটিকে জরিমানা কমিয়ে পরিবেশ মন্ত্রণালয়ের দেওয়া আদেশও স্থগিত করে দেন। পরিবেশ অধিদফতর আসিয়ান সিটিকে ৫০ লাখ টাকা জরিমানা করেছিল। কিন্তু গত বছরের ১৪ ফেব্রুয়ারি পরিবেশ মন্ত্রণালয় ৫০ লাখ টাকা জরিমানা কমিয়ে পাঁচ লাখ টাকা নির্ধারণ করে দেন।
একই সঙ্গে আশিয়ান সিটির উন্নয়ন করা এলাকাকে আগের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ কেন দেওয়া হবে না এবং কেন অনুমোদন না হওয়া সকল প্রকল্পের ভরাট কার্যক্রম, বিজ্ঞাপন দেওয়া, প্লট বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হবে না, তাও রুলে জানতে চান আদালত।
চার সপ্তাহের মধ্যে গৃহায়ন সচিব, ভূমি সচিব, পরিবেশ সচিব, স্বরাষ্ট্র সচিব, তথ্য সচিব, রাজউক চেয়ারম্যান, ঢাকার জেলা প্রশাসক, পরিবেশ অধিদফতরের পরিচালক (তত্ত্বাবধায়ন ও বাস্তবায়ন) এবং আশিয়ান সিটির ব্যবস্থাপনা পরিচালককে রুলের জবাব দিতে বলা হয়।
প্রসঙ্গত, গত ২২ ডিসেম্বর আইন ও সালিশ কেন্দ্র (আসক), অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), ব্লাস্ট, বাংলাদেশ পরিবেশ আন্দোলন, ইনস্টিটিউট অব আর্কিটেক্ট বাংলাদেশ, নিজেরা করি, পরিবেশ বাঁচাও আন্দোলন ওই রিটটি দায়ের করে।
আদালতে আবেদনকারীদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন ও অ্যাডভোকেট ইকবাল কবির লিটন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার।
ইকবাল কবির লিটন বাংলানিউজকে বলেন, ওই এলাকায় আশিয়ান সিটি প্রথমে ৫৫ একর জমির উপর অবস্থানগত ছাড়পত্র পায়। তখন আশিয়ানের পক্ষ থেকে বলা হয়েছিল, তারা কোনো জলাভূমি ভরাট করবে না। কিন্তু তারা কাগজপত্রে ৪৩ দশমিক ১১ একর দেখালেও প্রকল্পে মোট ২৩০ দশমিক ৪৬ একর জমি ভরাট করা হচ্ছে। এ কারণে হাইকোর্টে রিট করা হয়।
বাংলাদেশ সময়: ১৩২৯ ঘন্টা, জানুয়ারি ০৭, ২০১৩
এমইএস/ আরআর/ সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর eic@banglanews24.com